রূপা ধর্ষণ মামলায় সাক্ষ্য দিলেন ৪ বিচারিক হাকিম

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে বহুজাতিক কোম্পানির কর্মী রূপা খাতুনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত পাঁচ আসামি আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন বলে জানিয়েছেন তাঁদের জবানবন্দি লিপিবদ্ধকারী চার বিচারিক হাকিম।
আজ বুধবার এই মামলায় টাঙ্গাইলের বিচারিক হাকিম গোলাম কিবরিয়া, আমিনুল ইসলাম, শামসুল আলম ও রুপম কান্তি দাস আদালতে সাক্ষ্য দেওয়ার সময় এ তথ্য জানান।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ওই চার বিচারিক হাকিম ও জব্দ তালিকার সাক্ষী পুলিশ কনস্টেবল মাহবুবুর রহমান সাক্ষ্য দেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এবং মাঝে এক ঘণ্টা খাবার বিরতি দিয়ে বেলা তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই সাক্ষ্য গ্রহণ করা হয়।
সাক্ষ্য দেওয়ার পর আসামি পক্ষের আইনজীবীরা তাঁদের জেরা করেন। এ নিয়ে এই মামলায় ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি এ কে এম নাছিমুল আক্তার বলেন, আগামী রোববার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হবে। এরপর উভয় পক্ষের যুক্তিতর্ক শুরু হবে।
গতকাল মঙ্গলবার রূপার লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক সাইদুর রহমান আদালতে সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন, রূপা খাতুনকে ধর্ষণের পরে আঘাত করা হয় । আর আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে।
৩ জানুয়ারি মামলার বাদী মধুপুরের অরণখোলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রূপা খাতুনকে চলন্ত বাসে পরিবহনশ্রমিকেরা ধর্ষণ করেন। পরে তাঁকে হত্যা করে টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় ফেলে রেখে যান। পুলিশ ওই রাতেই তাঁর লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে পরদিন বেওয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন।
পরে ২৮ আগস্ট রূপার ভাই মধুপুর থানায় গিয়ে লাশের ছবি দেখে রূপাকে শনাক্ত করেন। পুলিশ এরপর আসামি ছোঁয়া পরিবহনের চালক হাবিবুর (৪৫), সুপারভাইজার সফর আলী (৫৫), সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীরকে (১৯) গ্রেপ্তার করে। পুলিশের কাছে তাঁরা রূপাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন। ২৯ আগস্ট বাসের তিন সহকারী শামীম, আকরাম, জাহাঙ্গীর এবং ৩০ আগস্ট চালক হাবিবুর এবং সুপারভাইজার সফর আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা সবাই এখন টাঙ্গাইল কারাগারে আছেন। ৩১ আগস্ট রূপার লাশ উত্তোলন করে তাঁর ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। পরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিজ গ্রাম আসানবাড়িতে নিয়ে লাশ দাফন করা হয়।