রূপা হকের পক্ষে গ্রিন পার্টির ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে আগামী জুনে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির এমপি রূপা হকের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে পরিবেশবাদী দল গ্রিন পার্টি। প্রধানমন্ত্রী থেরেসা মে-এর কনজারভেটিভ পার্টিকে ক্ষমতা থেকে নামাতে এমন কৌশল নিয়েছে প্রগতিশীল দলটি। আসন্ন নির্বাচনে এটি প্রথম কোনো কৌশলগত প্রার্থিতা ছাড়ের ঘোষণা।

পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনের গ্রিন পার্টির সদস্যরা গত বৃহস্পতিবার রূপা হকের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৫ সালের নির্বাচনে রূপা হক মাত্র ২৭৪ ভোটের ব্যবধানে কনজারভেটিভ পার্টির প্রার্থী এঞ্জি ব্রেকে পরাজিত করে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। আসনটি এবার দখলে নিতে মরিয়া ক্ষমতাসীনেরা। গত নির্বাচনে আসনটিতে গ্রিন পার্টির প্রাপ্ত ভোট ছিল ১ হাজার ৮৪১। দলটি রূপা হককে সমর্থন দেওয়ায় ক্ষমতাসীনদের লক্ষ্যপূরণ সহজ হবে না বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী থেরেসা মে গত সপ্তাহে হঠাৎ করেই মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দেন। যে কারণে মাত্র দুই বছরের মাথায় আবারও ভোটের মাঠে এমপিরা। লেবার পার্টির বর্তমান এমপিদের মধ্যে দশজনের মতো সরে দাঁড়াচ্ছেন, তবে বাকি সবাই পুনর্নির্বাচনের জন্য প্রার্থী হচ্ছেন। সে হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত তিন কন্যা—রূপা হক, রুশনারা আলী এবং টিউলিপ সিদ্দিকও নেমেছেন তাঁদের আসন ধরে রাখার লড়াইয়ে।

কনজারভেটিভ পার্টিকে ঠেকাতে প্রগতিশীল দলগুলোকে জোটবদ্ধ হওয়ার ডাক দিয়েছে গ্রিন পার্টি ও স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি)। কিন্তু লেবার পার্টির নেতা জেরেমি করবিন জোটের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তা সত্ত্বেও ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটনের মতো অন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতেও কৌশলগত ছাড়ের সম্ভাবনা রয়েছে।