রূপা হত্যার আসামিদের জামিন আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপা খাতুনক
রূপা খাতুনক

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে বহুজাতিক কোম্পানির কর্মী রূপা খাতুনকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় পাঁচ আসামির জামিনের আবেদন বুধবার খারিজ করে দিয়েছেন আদালত।

এই পাঁচ আসামি হলেন ছোঁয়া পরিবহনের চালক হাবিবুর (৪৫), সুপারভাইজার সফর আলী (৫৫) এবং সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯)।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, আসামিদের জামিন চেয়ে জ্যেষ্ঠ আইনজীবী ফায়জুর রহমান বিচারিক হাকিম আদালতে আবেদন করেন। কিন্তু শুনানির সময় তিনি নিজে উপস্থিত না হয়ে তাঁর প্রতিনিধি পাঠান। পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়া আবেদনটি খারিজ করে দেন।

গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রূপা খাতুনকে চলন্ত বাসে পরিবহনশ্রমিকেরা ধর্ষণ করে। পরে তাঁকে হত্যা করে টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় ফেলে রেখে যায়। পুলিশ ওই রাতেই তাঁর লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে পরদিন বেওয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মধুপুর থানায় হত্যা মামলা করে।

রূপার ভাই ২৮ আগস্ট মধুপুর থানায় এসে লাশের ছবি দেখে রূপাকে শনাক্ত করেন। ৩১ আগস্ট রূপার লাশ তুলে তাঁর ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁকে সিরাজগঞ্জের তাঁড়াশ উপজেলার নিজ গ্রাম আসানবাড়িতে দাফন করা হয়।

পরে পুলিশ ছোঁয়া পরিবহনের চালক হাবিবুর (৪৫), সুপারভাইজার সফর আলী (৫৫) এবং সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীরকে (১৯) গ্রেপ্তার করে। পুলিশের কাছে তাঁরা রূপাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন। ২৯ আগস্ট বাসের তিন সহকারী শামীম, আকরাম, জাহাঙ্গীর এবং ৩০ আগস্ট চালক হাবিবুর ও সুপারভাইজার সফর আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা সবাই এখন টাঙ্গাইল কারাগারে আছেন।