রূপার বাড়িতে ঈদ কেটেছে শোকে-দুঃখে
গত ঈদুল ফিতরেও রূপা খাতুন নামের মেয়েটা বাড়িতে ছিলেন। ২ মাস ১০ দিনের ব্যবধানে আসা ঈদুল আজহায় তিনি ছবি হয়ে গেলেন। ঈদের মাত্র কয়েক দিন আগে গত ২৫ আগস্ট রাতে বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে চলন্ত বাসে গণধর্ষণের পর ঘাড় মটকে হত্যা করে টাঙ্গাইলের মধুপুরের বনে তাঁকে ফেলে যাওয়া হয়। এ বাড়িতে তাই ঈদের আনন্দ নেই, শোক-দুঃখে কেটেছে ঈদের দিনটি।
গতকাল রোববার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রূপা খাতুনের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের ছায়া। কথা শুরু করতেই রূপার একমাত্র ভাতিজি হুমাইয়রা জান্নাত বলল, ‘আন্টি এবার ঈদে নতুন জামা নিয়া আইসলো না। কবে আসবো আন্টি, কে জানে!’
রূপার ছোট বোন পপি বলেন, ‘আমরা গ্রামের মানুষের কাছে কৃতজ্ঞ। আপার এই ঘটনার কারণে অনেক বউ কোথাও বেড়াতে যায়নি। সবাই আমাদের সহযোগিতা করেছে। ঈদের দিন রান্না করা খাবার দিয়েছে। কোরবানির পর স্বজন ও গ্রামের সমাজের ভাগের মাংস পেয়ে ঈদের পরের দিন থেকে আমরা রান্না করছি।’
মা হাসনা হেনা বলেন, ‘গত বছর ওর বাবা মারা যাওয়ায় কোরবানি দেওয়া হয়নি। মেয়ের শখ ছিল, এবার সে কোরবানি দেবে। গ্যাসের চুলা কিনে দেবে আমাকে। যখন উকিল হবে, কোর্টে যাবে, আমাকে শহরে বাসা ভাড়া করে রাখবে। পরীক্ষার আগের দিন আমার কাছে ফোন করে দোয়া চাইছিল। আমি তো এই দোয়া করি নাই যে আমার মেয়েরে আর পাব না! এই সর্বনাশ যারা করল তাগোর ফাঁসি চাই।’
ঈদের দিন কীভাবে কাটল সে প্রসঙ্গে রূপার বড় ভাই হাফিজুর বলেন, সকালে তিনি বোন ও বাবার কবর জিয়ারত করেন। পরে ঈদের নামাজ আদায় করতে যান। রূপার অভাবে মা-বোনদের সারা দিন অশ্রুই ঝরিয়েছে। ঈদের দিন বাড়িতে চুলা জ্বলেনি।
বড় ভাই আরও বলেন, ‘বোন আমাদের জন্য কী না করেছে! আমরা তার জন্য কিছুই করতে পারলাম না। আপাতত মাদ্রাসার কিছু এতিমদের নিয়ে বাড়িতে অনুষ্ঠান করব। পরে গ্রামের লোকজনকে নিয়ে একটি অনুষ্ঠান করার ইচ্ছা আছে। গ্রামের লোকজন যেভাবে আমাদের সহানুভূতি দেখিয়েছে, তা ভোলার নয়।’
গত ২৬ আগস্ট বেওয়ারিশ হিসেবে রূপার লাশ টাঙ্গাইলে দাফন করা হয়। পরে ভাই হাফিজুর টাঙ্গাইলের মধুপুর থানায় গিয়ে ছবি দেখে রূপাকে শনাক্ত করেন। এরপর সেখান থেকে লাশ তুলে বাড়িতে নিয়ে কবর দেন।