রূপালী ব্যাংকের খোয়া যাওয়া সব টাকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপালী ব্যাংকের ফরিদপুর শাখা থেকে খোয়া যাওয়া সব টাকা উদ্ধার করেছে পুলিশ। টাকা খোয়া যাওয়ার পর অল্প সময়ের মধ্যে সেগুলো উদ্ধার করতে পারায় উদ্ধারকারী দলকে পুরস্কৃত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। এ ঘটনায় ব্যাংকের অফিস সহকারী আবুল কালামের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
শহরের নীলটুলী মহল্লার একটি সুপার মার্কেটে অবস্থিত ব্যাংকের শাখাটি শুক্র ও শনিবার বন্ধ ছিল। রোববার ব্যাংক খোলার পর ১ কোটি সাড়ে ৫৭ লাখ টাকা চুরি হওয়ার বিষয়টি জানাজানি হয়। ওই দিনই অফিস সহকারী আবুল কালামের বাড়ি থেকে ১ কোটি ২২ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। বাকি থাকে ৩৫ লাখ ৫০ হাজার টাকা। এই টাকার মধ্যে বিভিন্ন আত্মীয়স্বজনকে নগদ ৮ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা দিয়েছিলেন আবুল কালাম। আর বাকি ২৬ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা চার ব্যক্তিকে চারটি চেকের মাধ্যমে দিয়েছিলেন। গতকাল সোমবার তাঁর আত্মীয়স্বজনেরা সব টাকা এবং ওই চার ব্যক্তি তাঁদের কাছে থাকা চেকগুলো পুলিশের উপস্থিতিতে ব্যাংক কর্তৃপক্ষের কাছে ফেরত দেন। রূপালী ব্যাংকের ডিজিএম অশোক কুমার সিংহ রায় টাকা ও চেক পাওয়ার কথা স্বীকার করেছেন।
এদিকে ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক এজিএম খান শহীদুল ইসলাম রোববার রাতে বাদী হয়ে আবুল কালামের নাম উল্লেখ করে দিনে-দুপুরে টাকা চুরির দায়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেছেন।