রূপালীর মায়ের ঘুম আর ভাঙল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ দুটি মাস অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার রাতে মারা গেছেন সেই নারী। মায়ের জ্ঞান ফেরার প্রতীক্ষায় বিছানার পাশে ঘুরঘুর করা দুই বছরের শিশুকন্যাটির অপেক্ষার পালাও শেষ হলো।গত ৩০ জুলাই রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই অজ্ঞাতনামা নারী। বেঁচে যায় সঙ্গে থাকা শিশুটি। পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর সঙ্গে শিশুটিকেও রেখে যায়। একপর্যায়ে শুধু জানা যায়, তাদের বাড়ি দক্ষিণাঞ্চলের দপদপিয়ায়।মৃত্যুর সময় অবশ্য মায়ের পাশে ছিল না দুই বছরের শিশুটি। কয়েক দিন আগে তাকে একটি নিরাপত্তা নিবাসে পাঠানো হয়। কেউ নাম জানত না বলে আরেক রোগীর স্বজন তার নাম রেখেছিল রূপালী।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউনিট ওয়ানের সহকারী রেজিস্ট্রার আশরাফুল হক বলেন, প্রথম দিকে ধীরগতিতে উন্নতি হলেও এক সপ্তাহ ধরে ওই নারীর অবস্থার অবনতি হচ্ছিল। চেষ্টা করেও সেই অবস্থা থেকে তাঁকে আর ফিরিয়ে আনা যায়নি। শুক্রবার রাত একটার দিকে তিনি মারা যান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিক বলেন, শিশুটি এত দিন একজন আয়ার কাছে ছিল। নিরাপত্তার কথা চিন্তা করে গত মঙ্গলবার তাকে সমাজসেবা অধিদপ্তরে মেডিকেল শাখার কাছে দেওয়া হয়েছে। শিশুটি বর্তমানে তাদের তত্ত্বাবধানে আজিমপুরের এক নিরাপত্তা নিবাসে আছে।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বলেন, লাশের সুরতহালের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কোনো দাবিদার পাওয়া না গেলে লাশ আজ রোববার আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া হবে।