রূপালীসহ চারটি ব্যাংক সরকারের থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের অবস্থা খারাপ। এটা সরকারের থাকবে কি থাকবে না, তা নিয়ে কয়েকটা বছর নষ্ট হয়েছে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকই সরকারের থাকবে।’ অর্থমন্ত্রী গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন। লিখিত একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে জনপ্রতি বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় সাড়ে ১০ হাজার টাকা (১৪৯ দশমিক ৫৪ মার্কিন ডলার)। ২০০৮ সালের পরিসংখ্যান ব্যুরোর জনসংখ্যার (১৪ কোটি ২৪ লাখ) হিসাব ধরে এ হিসাব করা হয়েছে। সৈয়দ মহসীন আলীর আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষককে সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। ভূমিহীন ও বর্গাচাষিরা এখন জমির মালিক না হয়েও শুধু জমির মালিকের প্রত্যয়নপত্র ব্যাংকে জমা দিয়ে কৃষিঋণ পেতে পারেন। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সারা দেশে নিবন্ধিত এক কোটি ৮০ লাখ কৃষক কৃষিঋণ, সার, বিদ্যুত্ ও ডিজেল পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা বা অগ্রাধিকার ভোগ করবেন। সরকারি দলের সাংসদের সম্পূরক প্রশ্নের জবাব দেওয়ার আগে তিনি পাশে বসা কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সঙ্গে এ নিয়ে আলোচনা করেন।স্পিকারের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘বিষয়টির সঙ্গে কৃষি মন্ত্রণালয়ও সংশ্লিষ্ট। তাই কৃষিমন্ত্রীর সঙ্গে আলাপ করে সংসদকে জানাচ্ছি যে এসব ক্ষেত্রে কৃষকেরা অবশ্যই অগ্রাধিকার ভোগ করবেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের তুলনায় এখন কৃষকেরা অনেক ভালো আছেন। বিগত সময়ের তুলনায় এই অর্থবছরের একই সময়ে কৃষিঋণ পরিশোধের পরিমাণ দেখলেই তা বোঝা যায়। গত অর্থবছরের এই সময়ে কৃষিঋণ পরিশোধের পরিমাণ ছিল এক হাজার কোটি টাকার কম। কিন্তু চলতি অর্থবছরের একই সময়ে ঋণ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার ৪৯ কোটি টাকা। বেগম তহুরা আলীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ডাউন পেমেন্ট ছাড়া ঋণ পুনঃতফসিল করার সুযোগ দেওয়া হবে। বর্তমান সরকারের আমলে দুই হাজার ৫০৭ মিলিয়ন ডলারের বৈদেশিক সাহায্যের অনুদান পাওয়া গেছে। তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে তিন হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় হয়েছে। উন্নয়ন-ব্যয় হয়েছে ছয় হাজার কোটি টাকার কিছু বেশি। বিদেশি সহায়তা: সাংসদ মঈনুদ্দীন খান বাদলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের স্বার্থে কিছু বৈদেশিক সাহায্য নিতে হবে। সরকারের ব্যয় মাত্র জাতীয় আয়ের ১৬ শতাংশ। এটা ২০ শতাংশ হওয়া উচিত। অনুন্নয়ন ব্যয়ের পুরোটাই নিজস্ব অর্থায়ন থেকে আসে। উন্নয়ন-ব্যয়ের ৫২ শতাংশ আসে বিদেশি সাহায্য ও ঋণ থেকে। ১০ হাজার টাকার কমে ল্যাপটপ: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ সংসদকে জানান, সরকার ১০ হাজার টাকার কমে দেশবাসীকে ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নিচ্ছে। সারা দেশকে অপটিক্যাল ফাইবারের আওতায় আনার কাজ চলছে। পাশাপাশি নিজস্ব স্যাটেলাইট উেক্ষপণের জন্য চীনের সঙ্গে কথা হচ্ছে। মন্ত্রী জানান, দেশে মোবাইল ফোনের মোট গ্রাহকসংখ্যা পাঁচ কোটি পাঁচ লাখ ৫০ হাজার। ল্যান্ডফোনের গ্রাহকসংখ্যা নয় লাখ ৫২ হাজার ৭৭৯। চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক কল বাবদ রাজস্ব আয় হয়েছে ২৬৮ কোটি টাকা। বিগত অর্থবছরে মোবাইল ফোন কোম্পানিগুলো থেকে পাঁচ হাজার ৬৯২ কোটি টাকা রাজস্ব পাওয়া গেছে।