রূপায়ণ হাউজিংকে ২৭ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেআইনিভাবে আবাসন প্রকল্প নির্মাণ করায় রূপায়ণ হাউজিং এস্টেটকে ২৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী এই প্রকল্পের জন্য পয়োনিষ্কাশনব্যবস্থা বা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান স্থাপন না করারও প্রমাণ পাওয়া গেছে।রূপায়ণ হাউজিং ২০০৬ সালে পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে একটি নয়তলা আবাসিক ভবনের অবস্থানগত ছাড়পত্র নিয়ে গত পাঁচ বছরে আটতলা উচ্চতাবিশিষ্ট ২৮টি আবাসিক ভবন নির্মাণ করেছে। প্রায় চার একর জমিতে গড়ে তোলা এ আবাসন প্রকল্পে এখন পর্যন্ত ৫০টি পরিবার বসবাস করছে। ক্রেতাদের ফ্ল্যাট বুঝিয়ে দিলেও পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী রূপায়ণ হাউজিং পয়োনিষ্কাশনসহ অন্যান্য পরিবেশসম্মত কোনো ব্যবস্থা গড়ে তোলেনি। সাম্প্রতিক এক তদন্তে এ ঘটনা ধরা পড়লে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল বৃহস্পতিবার রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডকে ২৭ লাখ ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেন।রূপায়ণ হাউজিং এস্টেটের গণমাধ্যম পরামর্শক মণীন্দ্রনাথ সরকার প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ অধিদপ্তর থেকে আমাদের আবাসন প্রকল্পকে জরিমানার চিঠি আমরা পেয়েছি। পাঁচ দিন সময় চেয়েছি। এরপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’