রূপায়ণকে ৪০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী দখল করে পরিবেশের বিপর্যয় সৃষ্টির দায়ে গতকাল রোববার রূপায়ণ গ্রুপকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে সব ধরনের অবকাঠামোর উন্নয়নকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এই দণ্ড দেন। অবকাঠামো উন্নয়নকাজ বন্ধ করা না হলে স্থাপনা উচ্ছেদ ও জব্দ এবং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানানো হয়। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ও কুড়িপাড়ায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে রূপায়ণ পোর্ট অ্যান্ড লজিস্টিকস সার্ভিসেস লিমিটেড নামের একটি কনটেইনার পোর্ট নির্মাণের লক্ষ্যে রূপায়ণ গ্রুপ আরসিসি পাইলিং করছে। সেখানে ২৭ একর জমিতে এক বছর ধরেই পোর্ট নির্মাণের কাজ করা হচ্ছে।নদী দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলার অভিযোগে রূপায়ণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে শুনানি হয়। এতে রূপায়ণের পক্ষে পরিচালক (প্রশাসন) আমিরুল হাসান ও মহাব্যবস্থাপক খায়রুল আলম উপস্থিত ছিলেন। শুনানিকালে তাঁরা জানান, ইতিমধ্যে নদীর তীরে ২১০টি খুঁটি নির্মাণ করা হয়েছে। এ প্রকল্পে বিনিয়োগের পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অধিদপ্তরের তদন্তে রূপায়ণের বিরুদ্ধে নদীর অভ্যন্তরে সাত হাজার ৮৮ বর্গফুট স্থান দখল করার প্রমাণ পাওয়া গেছে। এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, রূপায়ণের এই কার্যক্রমের ফলে নদীর গতিপথ পরিবর্তন ও বর্ষায় নদীর প্রবাহ বন্ধ হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই পরিবেশগত প্রভাব নিরূপণ করা প্রয়োজন। তা-ও করা হয়নি। রূপায়ণের পরিচালক আমিরুল হাসান ও মহাব্যবস্থাপক খায়রুল আলম দাবি করেন, তাঁদের প্রতিষ্ঠান নদী দখল করেনি। তাঁরা পরিবেশ অধিদপ্তরের উপস্থিতিতে ওই এলাকায় যৌথ জরিপের অনুরোধ জানান। তবে পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে স্থাপনা নির্মাণ বেআইনি হয়েছে—তা তাঁরা স্বীকার করেন। ভবিষ্যতে পরিবেশ আইন মেনে চলারও অঙ্গীকার করেন তাঁরা।