রেইছা জাদি পাহাড়ের একাংশ দেবে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরতলির মেঘলাসংলগ্ন রেইছা জাদি পাহাড়ের একাংশ প্রায় ১০-১২ ফুট নিচে দেবে গেছে। পাহাড়ের ফাটল ধরা আরও কিছু অংশ যেকোনো সময় দেবে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম জানিয়েছেন।জমির মালিক উচনু মারমা বলেন, ১৪ আগস্ট সন্ধ্যায় বিকট আওয়াজে জাদি পাহাড়ের তাঁর পাঁচ একর পাহাড়ি জমি থেকে এক একরের বেশি ফলদ বাগান মাটির নিচে দেবে গেছে। মাটি না কাটা সত্ত্বেও কেন দেবে গেছে, তা জানা নেই। তবে সেদিন বিকেল থেকে প্রবল বৃষ্টি হচ্ছিল।বান্দরবানের মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল আলম বলেছেন, পার্বত্য অঞ্চলে পাহাড়ধস স্বাভাবিক ব্যাপার। কিন্তু পাহাড় দেবে যাওয়ার বিষয়টি এখন মারাত্মক পরিবেশ বিপর্যয়ের প্রাকৃতিক নতুন মাত্রা। ঝিরি-ঝরনা থেকে প্রাকৃতিক পাথর উত্তোলন ও প্রাকৃতিক বনাঞ্চল উজাড় করার মতো পরিবেশবিধ্বংসী কাজের কারণে পাহাড়গুলোর গঠনকাঠামো দুর্বল হয়ে পড়ছে। এ জন্য বৃষ্টিপাত হলে পাহাড়ধস নামছে ও দেবে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। ১৪ আগস্ট বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত বান্দরবানে ১৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে তিনি জানিয়েছেন।সরেজমিনে দেখা গেছে, রেইছাথলি পাড়ার উত্তর পাশে জাদি পাহাড় থেকে বেশ কয়েকটি ছোট-বড় মরা ঝিরি (ছড়া) উৎপত্তি হয়েছে। পশ্চিম পাশে পাহাড়ের পাদদেশে একটি ছড়া এবং ছড়ার ওপাড়ে আরেকটি পাথুরে পাহাড় রয়েছে। স্থানীয় লোকজন বলেছেন, ওই ঝিরি ও ছড়ায় একসময় পাথর ছিল। সেগুলো ব্যবসায়ীরা তুলে নেওয়ায় সেখানে আর কোনো পাথর নেই। প্রাকৃতিক বনাঞ্চলও নির্বিচারে কেটে ফেলা হয়েছে।