রেইনকোট পেলেন আরও ৯৮ জন বিক্রয়কর্মী
প্রথম আলোর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির বারিধারা-১ সেন্টারে ৮০ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া এবং বরগুনার আমতলী ও তালতলী উপজেলায়ও ১৮ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। দুপুরে কলাপাড়া ফেরিঘাটের সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে ১১ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। প্রথম আলোর বরিশাল অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপক মিজানুর রহমান বিক্রয়কর্মীদের হাতে রেইনকোট তুলে দেন। এ সময় কলাপাড়া পৌর শহরের সংবাদপত্র বিক্রয় এজেন্সি সেবার কর্ণধার মো. নুরুজ্জামান জামাল আকন, কলাপাড়া সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন শিকদার ও প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া বরগুনার আমতলী ও তালতলী উপজেলার সাতজন পত্রিকা বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। আমতলী শহরের আলমগীর নিউজ এজেন্সিতে রেইনকোট বিতরণের সময় বরিশাল আঞ্চলের ব্যবস্থাপক মিজানুর রহমান ছাড়াও প্রথম আলোর আমতলী প্রতিনিধি খায়রুল বাশার ও বন্ধুসভার সহসম্পাদক মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।