রেকর্ড উইংয়ের আসামিদের জবানবন্দি খণ্ডন শুরু
‘রেকর্ড উইংয়ের আসামিরা সেদিন নিজেদের দায়িত্ব ভুলে সব বিদ্রোহীর সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। তাঁরা নিজেরা যেমন অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, তেমনই অন্যদের বিদ্রোহে প্ররোচনাও দিয়েছেন। গণমাধ্যমের সামনে তাঁদের অনেকে উসকানিমূলক বক্তব্যও দেন।’বিডিআরে বিদ্রোহের মামলায় রেকর্ড উইংয়ের ১১১ জন আসামির জবানবন্দি ও সাফাই সাক্ষীদের বক্তব্য খণ্ডনকালে মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান গতকাল মঙ্গলবার এসব কথা বলেন। গতকাল থেকে তিনি প্রত্যেক আসামির নাম ও তাঁর দেওয়া বক্তব্য ধরে যুক্তি দিয়ে তাঁদের বক্তব্য খণ্ডন শুরু করেছেন। নিজ বক্তব্যের সমর্থনে প্রসিকিউটর আদালতে ভিডিও ও স্থিরচিত্রও উপস্থাপন করেন। আদালতে স্থাপিত বড় পর্দায় এসব দৃশ্য দেখানো হয়।বিডিআর সদর দপ্তরে ১৩ রাইফেল ব্যাটালিয়নের একটি কক্ষে স্থাপিত বিশেষ আদালত-৯-এ চলছে রেকর্ড উইংয়ের আসামিদের বিচার। বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিমের সভাপতিত্বে গতকাল সকাল নয়টায় এই আদালতের কার্যক্রম শুরু হয়। দুপুর দুইটায় আদালতের কার্যক্রম আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।গতকাল আদালতের কার্যক্রম শুরু হলে প্রসিকিউটর একে একে আসামিদের নাম ধরে তাঁদের দেওয়া বক্তব্য খণ্ডন শুরু করেন। দুপুর পর্যন্ত তিনি ২৩ আসামির যুক্তি খণ্ডন করেন।পরিদপ্তরসমূহ: বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০-এ চলছে সদর দপ্তরের পরিদপ্তরসমূহ ও রাইফেল স্পোর্টস বোর্ডের (আরএসবি) ৩৩৭ জনের বিরুদ্ধে করা মামলার বিচার। গতকাল সকাল নয়টায় এ আদালতের কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর দুটা পর্যন্ত। আদালতে সভাপতিত্ব করেন কর্নেল খন্দকার ওবায়দুল আহসান।গতকাল আদালতের কার্যক্রম শুরু হলে গত সোমবার সাক্ষ্য দেওয়া হাবিলদার সহকারী আবুল কালামকে জেরা করেন ১০ আসামি। এরপর ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ এনে সাক্ষ্য দেন ল্যান্স নায়েক সহকারী খসরু আলম। পরে ওই ১৫ আসামিই তাঁকে জেরা করেন। সবশেষে চারজনের বিরুদ্ধে সাক্ষ্য দেন নায়েক সহকারী জহুরুল হক। ওই চারজন আজ তাঁকে জেরা করবেন। এ নিয়ে এ মামলায় চারজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।