রেকর্ড উইংয়ের কেউই দোষ স্বীকার করেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি পরিকল্পিতভাবে দরবার হল ছাড়িনি। পরিস্থিতির কারণে ছাড়তে বাধ্য হয়েছি। আমার বিরুদ্ধে আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন কেন?’ মহাপরিচালকের আদেশ অমান্য করে দরবার হল ত্যাগ ও বিদ্রোহে যোগ দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক বিডিআর সদস্য এভাবেই সাক্ষীকে জেরা করেন। বিডিআরে বিদ্রোহের বিচারে গতকাল রেকর্ড উইংয়ের ১১১ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন ও আসামিপক্ষের জেরা শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৯-এ কার্যক্রম চলে। এর আগে গতকাল সকালে এ মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।গতকাল সকাল সোয়া ১০টায় কার্যক্রম শুরু হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুল করিম। আদালতের অন্য সদস্যরা হলেন: লেফটেন্যান্ট কর্নেল নাসিমুল আলম, মেজর মোহাম্মদ আলী মুসতাইন খান ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি মোস্তফা জামান ইসলাম। প্রথম দিনে গতকাল দুজন সাক্ষী ছয় জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। এ মামলায় মোট সাক্ষী ৮৭ জন। কাল বুধবার সকাল ১০টায় আবার আদালত বসবে।গতকাল সকালে প্রসিকিউটর লে. কর্নেল মিজানুর রহমান প্রথমে আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে অভিযোগ গঠনের আবেদন জানান। আদালত প্রত্যেক আসামিকে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। তাঁরা দোষী না নির্দোষ, তা প্রত্যেক আসামিকে পৃথকভাবে জিজ্ঞেস করেন আদালত। তবে আসামিরা কেউই দোষ স্বীকার করেননি। এরপর প্রসিকিউটর তাঁর বক্তব্যে বলেন, রেকর্ড উইংয়ের ৮৪ জওয়ান ঘটনার দিন দরবার হলে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ৫৪ জন দরবার হল ত্যাগ করে বিদ্রোহে অংশ নেন। এঁদের বিরুদ্ধে ২৭ জন সাক্ষী রয়েছে। ৪১ জন অবাধ্যতা প্রকাশ করেছেন। এঁদের বিরুদ্ধে ৩৩ জন সাক্ষী রয়েছেন। ৩৩ জন মুখে রঙিন কাপড় বেঁধে লাঠিসোঁটা নিয়ে বিদ্রোহে অংশ নেন। এ ছাড়া সুবেদার মান্নানের বাসা থেকে ১৫০টি গুলি উদ্ধার করা হয়েছে। বিদ্রোহীদের চাঙা রাখতে তাঁদের মাঝে কমলা বিতরণ করেন সেপাই বিল্লাল।এ সময় বড় পর্দায় সেপাই মাসুদুল হকের ভিডিও ফুটেজ দেখানো হয়। ২৫ ফেব্রুয়ারি বিদ্রোহের একপর্যায়ে ইলেকট্রনিক মিডিয়ার ধারণ করা বক্তব্যে দেখা যায়, ‘সেনাসদস্যরা আমাদের সবকিছু লুটে খাচ্ছে। শাসন নয়, তারা আমাদের শোষণ করে খাচ্ছে। আমরা আর্মি অফিসার চাই না। তাদের পরিবর্তে বিসিএস ক্যাডার অফিসার চাই। অন্য সব বাহিনী তাদের কথা বলতে পারে। কিন্তু আমরা কারও কাছে কিছুই বলতে পারি না।’ভিডিও ফুটেজ দেখিয়ে সেপাই মাসুদুল হকের কাছে জানতে চাওয়া হয়, ভিডিও ফুটেজের বক্তব্যটি তাঁর কি না। বিষয়টি স্বীকার করে মাসুদুল বলেন, ঘটনার দিন বিদ্রোহীরা তাঁকে ওই কথা বলতে বাধ্য করেছে।দুপুর পৌনে একটার দিকে আধা ঘণ্টার জন্য আদালত মুলতবি ঘোষণা করা হয়। এরপর দুই সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর আদালত বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। সোমবার সাক্ষ্য দেন মামলার বাদী নায়েব সুবেদার সোলেমান পাটোয়ারী ও মেজর খালেদ আহসান।