রেকর্ড উইংয়ের মামলায় আরও পাঁচজনের সাক্ষ্য
বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় রেকর্ড উইংয়ের সদস্যদের বিরুদ্ধে করা মামলায় গতকাল রোববার সাক্ষ্য দিয়েছেন পাঁচজন। পরে ৩৯ জন আসামি এসব সাক্ষীকে জেরা করেন। এ মামলায় আসামির সংখ্যা ১১১ জন।পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৯-এ এ মামলার বিচার চলছে। গতকাল সকাল ১০টার দিকে বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। মাঝে এক দফা বিরতি দিয়ে বেলা পৌনে একটায় আদালত আজ সোমবার সকাল পর্যন্ত মুলতবি করা হয়।গতকাল আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিম। তাঁকে সহযোগিতা করেন বিডিআরের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. নাসিমুল আলম ও মেজর মো. আলী মুসতাঈন খান। আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন মোস্তফা জামান ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান।গতকাল পাঁচজন সাক্ষী আদালতে ৩৯ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন। পরে আসামিরা তাঁদের জেরা করেন। এ মামলায় এর আগে সাতজন সাক্ষ্য দেন। গত ২৫ অক্টোবর এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সে সময় আসামিরা সবাই নিজেকে নির্দোষ দাবি করেন।