রেকর্ড বৃষ্টিপাতে চুয়াডাঙ্গার জনজীবন বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ছয় বছরের মধ্যে এটি সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত।

চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ২০০৮ সালের পর এটিই বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড।

বিরামহীন বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। টানা বৃষ্টিতে না পারছেন কাজ করতে, না পারছেন বাড়িতে বসে থাকতে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের বাসিন্দা রিকশাচালক রুহুল আমীন (৬০) গায়ে জ্বর নিয়েই বৃষ্টির মধ্যে রিকশা চালাচ্ছেন। বললেন, ‘বউ-বাচ্চা মিলে ছয়জনের সুংসার। এইতো কদিন আগেই রোদির গরমে পুড়ে কয়লা হয়ে রিসকা চালালাম। অ্যাকন আবার পানির মদ্দি চালাতি হচ্চে। দুপর হয়ে গ্যাছে। মালিকের ভাড়ার ৩৫ ট্যাকায় উটিনি। ইর পরতো রয়েচে সুংসারের খরজ। প্যাটে খিদে থাকলি কুনু বাদাই ঠেকাতি পারে না বাপু।’