রেকর্ড-রক্ষকের হাজতবাস
নাটোরে বালাম বই ও দলিল জালিয়াতির মামলায় জেলা রেজিস্ট্রার কার্যালয়ের রেকর্ড-রক্ষক মর্জিনা বানু জেলা ও দায়রা জজ আদালতের নির্দেশে সোমবার সন্ধ্যায় কারাগার থেকে ছাড়া পেয়েছেন। গত রোববার নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে তিনি হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছিলেন।আদালত সূত্রে জানা গেছে, বড়াইগ্রাম উপজেলার জামাইদিঘা গ্রামের ফজের আলী প্রতিবেশী আনোয়ার হোসেনের কাছে ২০০৭ সালের ৬ ডিসেম্বর জামাইদীঘি মৌজার হাল ৮৪৯ দাগের চার শতক জমি বিক্রি করেন। এরপর ফজের আলী বিক্রীত জমির দলিলের নকল তোলেন। সেখানে বিক্রীত জমির পরিমাণ চার শতক উল্লেখ আছে। বছর তিনেক পর আনোয়ার হোসেন ওই চার শতক লাগোয়া আরও তিন শতকসহ মোট সাত শতক জমি দাবি করেন। এ নিয়ে স্থানীয় সালিসে আনোয়ার হোসেন দাবি করেন, ফজের আলী তাঁর কাছে সাত শতক জমি বিক্রি করেছেন। এরপর ফজের আলী ২০১১ সালের ২৩ অক্টোবর পুনরায় ওই দলিলের নকল তুলে দেখেন, দলিলে জমির পরিমাণ চার শতকের স্থানে ঘষামাজা করে সাত শতক করা হয়েছে। একইভাবে বালাম বইতেও ঘষামাজা করে জমির পরিমাণ সাত শতক করা হয়েছে।এ ব্যাপারে ফজের আলী নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে গত বছরের ১১ ডিসেম্বর আনোয়ার হোসেন, জেলা রেজিস্ট্রার রফিকুল ইসলাম, রেকর্ডকিপার মর্জিনা বানু ও নকলনবিশ শিখা রানীকে আসামি করে মামলা করেন। আদালতের নির্দেশে তদন্ত শেষে ফজের আলীর অভিযোগ সত্য বলে পুলিশ প্রতিবেদন দাখিল করলে আদালত মামলার ধার্য তারিখ গত ২৮ মার্চ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আদালত আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।গত রোববার বিকেলে মর্জিনা বানু অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক আবদুল মজিদ আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর সোমবার দুপুরে নাটোরের দায়রা জজ আদালতে তাঁর পক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক জামিন মঞ্জুর করেন। সন্ধ্যায় নাটোর কারাগার থেকে তিনি ছাড়া পান।