রেকর্ড শাখার ২৫ আসামির বিরুদ্ধে পাঁচজনের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় রেকর্ড উইংয়ের (শাখা) ২৫ জন আসামির বিরুদ্ধে গতকাল বুধবার সাক্ষ্য দিয়েছেন পাঁচজন। সাক্ষীদের মধ্যে দুজন ছিলেন নারী। পরে সংশ্লিষ্ট আসামিরা সাক্ষীদের জেরা করেন।পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৯-এ এই সাক্ষ্য গ্রহণ হয়। সকাল সোয়া ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুল করিম। তাঁকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল নাসিমুল আলম, মেজর মোহাম্মদ আলী মুসতাইন খান ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি মোস্তফা জামান ইসলাম। এই মামলায় আসামি হলেন ১১১ জন।বেলা আড়াইটায় আদালত মুলতবি করার পর মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান সাংবাদিকদের জানান, এই মামলায় ৪৫ জন সাক্ষী রয়েছেন। দুই কার্যদিবসে সাতজন সাক্ষ্য দিয়েছেন। বাকিদের সাক্ষ্য পরবর্তী কার্যদিবসগুলোতে শুনবেন আদালত। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে।২১ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন সুবেদার মেজর সহকারী নুরুল ইসলাম। পরে আসামিরা তাঁকে জেরা করেন। নায়েক সহকারী রাশেদুল ইসলাম সাক্ষীকে প্রশ্ন করেন, ‘আমাকে কোথায়, কত দূর থেকে দেখেছিলেন?’ জবাবে সাক্ষী বলেন, ‘আমি মাপুনি নিয়ে আসিনি।’ কোন সময় সাক্ষী তাঁকে দেখেছিলেন, তা বলতে না পারায় আসামি সিপাহি সহকারী আবদুল কাদের সাক্ষীর বিরুদ্ধে প্রশ্ন এড়ানোর অভিযোগ তোলেন।সাক্ষী মেজর ইশতিয়াক আহমেদ খান আসামি নায়েক সহকারী শাহজাহান কবীরের বিরুদ্ধে বিদ্রোহের সময় মুঠো েমোবাইল ফোনে বিভিন্নজনকে নির্দেশনা দেওয়ার অভিযোগ আনেন। সোহেল রানা নামে আরেক জওয়ানের বিরুদ্ধেও সাক্ষ্য দেন মেজর ইশতিয়াক।বিডিআর হাসপাতালের স্টাফ নার্স হাসিনা বেগম সাক্ষ্য দেন ল্যান্স নায়েক সহকারী রেজাউল করিমের বিরুদ্ধে। তিনি বলেন, এই জওয়ান বিডিআর হাসপাতালের সামনে সশস্ত্র অবস্থায় ঘোরাঘুরি করেন। নায়েক সহকারী আবদুল লতিফের স্ত্রী সুরভী বেগম সাক্ষ্য দেন মিজানুর রহমান ও শওকত আকবরের বিরুদ্ধে। জবানবন্দিতে তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় এই দুই জওয়ান সশস্ত্র অবস্থায় তাঁর পিলখানার বাসায় এসে পানি পান করেন। যাওয়ার সময় তাঁরা একটি বুলেটপ্রুফ জ্যাকেট ফেলে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর বাসা থেকে সেই জ্যাকেট উদ্ধার করে। সুরভীর স্বামীও একই সাক্ষ্য দেন। ওই দুই আসামি অভিযোগ অস্বীকার করে বলেন, বুলেটপ্রুফ জ্যাকেটটি গৃহকর্তা লতিফেরই। চাকরি বাঁচাতে তাঁরা স্বামী-স্ত্রী মিথ্যা অভিযোগ এনে মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন।