চট্টগ্রামে গতকাল বুধবার আদালত ভবনের সংরক্ষিত রেকর্ডকক্ষে দুই আইনজীবীসহ ২৭ জন প্রায় ৩০ মিনিটের জন্য আটকা পড়েন। জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাসুদুর রহমান ভুঁইয়া দুপুরে ওই কক্ষে তালা লাগিয়ে দিলে এ অবস্থা হয়। এ নিয়ে আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে কক্ষের তালা খুলে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবীণ আইনজীবী আবুল কাশেম ও দিলীপ কুমার বৈদ্য এবং আইনজীবীদের ২৫ জন মুহুরি (ক্লার্ক) দুপুরের দিকে রেকর্ডকক্ষে যান। কর্তব্যরত জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাসুদুর রহমান একপর্যায়ে কক্ষ থেকে বেরিয়ে বাইরের ফটকে তালা লাগিয়ে দেন। ওই কক্ষে আটকা পড়েন তাঁরা। এ খবর ছড়িয়ে পড়লে আইনজীবী ও মুহুরিরা বিক্ষোভ মিছিল করেন। তাঁরা বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) জানান। তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন। প্রায় ৩০ মিনিট পর তালা খুলে দেওয়া হলে কক্ষে আটকে পড়া ব্যক্তিরা বেরিয়ে আসেন। এরপর পরিস্থিতি শান্ত হয়। আটকে পড়া আইনজীবী আবুল কাশেম ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমার দীর্ঘ পেশাজীবনে এমন আচরণের শিকার হইনি। ওই কর্মকর্তাকে (মাসুদুর রহমান) ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম থেকে প্রত্যাহার না করলে আইনজীবীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।’ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জাকের হোছাইন এ ঘটনাকে দুঃখজনক অভিহিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আসলে রেকর্ডকক্ষও সংরক্ষিত। ওই কক্ষে যে কেউ ঢুকতে পারে না। কারণ কক্ষটিতে গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত আছে। এর পরও আমরা সংশ্লিষ্ট জ্যেষ্ঠ সহকারী কমিশনারের আচরণ খতিয়ে দেখছি।’