রেকার নেই, যানবাহন ও যাত্রী উদ্ধারে ভোগান্তি
চলতি বছরের প্রথম ছয় মাসে রাজবাড়ী জেলার সড়কগুলোতে দুর্ঘটনায় শতাধিক বাস ও ট্রাক উল্টে খাদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু রেকার যন্ত্র না থাকায় এসব যানবাহন ও যাত্রীদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে অনেক মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। দুর্ঘটনার পর সড়কগুলোয় দেখা দেয় দীর্ঘ যানজট।খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ী জেলার বিভিন্ন সড়কে প্রতিদিন কয়েক হাজার যানবাহন যাত্রী ও মালামাল বহন করে। এসব যানবাহন চলাচলের সময় দুর্ঘটনায় পড়ে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি, ভেতরে থাকা যাত্রী ও মালপত্র। ক্ষতিগ্রস্ত যানবাহন ও যাত্রীদের দ্রুত উদ্ধারের জন্য রেকার যন্ত্র নেই। এ ছাড়া দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগের নৌপথ দৌলতদিয়া ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা করার সময় বিভিন্ন কারণে ঘাটের কৃত্রিম সড়ক বিকল হয়ে পড়ে। এসব গাড়ি সঙ্গে সঙ্গে সরাতে না পারায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। রেকার না থাকায় দুর্ঘটনাকবলিত যানবাহন পাঁচ থেকে ছয় ঘণ্টা, এমনকি দুই থেকে তিন দিন পর চেইন কাপ্পা দিয়ে টেনে তোলা হয়।গত ৬ জুন রাতে সোহাগ পরিবহনের একটি বাস দৌলতদিয়া ক্যানেল ঘাটে বিপরীত দিক থেকে আসা অন্য একটি পরিবহনকে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে চালকের দুটি পা আটকে যায়। চালক কাজল সেখানে ছটফট করলেও রেকারের অভাবে বাসটি সরিয়ে তাঁকে দ্রুত উদ্ধার করা যায়নি। চেইন কাপ্পা দিয়ে বাসটি তোলার চেষ্টা করা হলেও লোহার চেইনটি ছিঁড়ে যায়। পরে স্থানীয় লোকজন শাবল দিয়ে দীর্ঘ প্রচেষ্টায় পরদিন সকাল নয়টায় চালককে উদ্ধার করে। এ ধরনের দুর্ঘটনা হরহামেশাই ঘটছে।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীনুর হোসেন বলেন, দৌলতদিয়া-খুলনা মহাসড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন যাত্রী ও মালামাল বহন করে। দুর্ঘটনার পর এসব যানবাহন সঙ্গে সঙ্গেই উদ্ধার করা প্রয়োজন। কিন্তু জেলার কোনো কার্যালয়ে রেকার না থাকায় তা সম্ভব হয় না। তাই অনেক সময় পুলিশ আসার আগেই যানবাহনের অনেক যন্ত্রাংশ চুরি হয়ে যায়।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ বলেন, ঘাট দিয়ে যানবাহন ওঠানামা করতে গিয়ে দুর্ঘটনা ঘটলে ঘাটটি বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। পরে মানিকগঞ্জের পাটুরিয়া বা ফরিদপুর থেকে রেকার এনে উদ্ধারকাজ চালানো হয়। এ সময় ঘাটে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সহকারী পুলিশ সুপার (সার্কেল) এম এ মান্নান জানান, বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। সরকারের উচিত প্রতিটি থানায় একটি করে রেকার দেওয়া।