রেকারের অভাবে উদ্ধারকাজব্যাহত
মুন্সিগঞ্জের একপাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। অন্যপাশে ঢাকা-মাওয়া মহাসড়ক। দুটি মহাসড়কে প্রায়ই ঘটে দুর্ঘটনা। প্রয়োজন পড়ে উদ্ধারকারী যানবাহন রেকারের। কিন্তু রেকার মাত্র একটি। তা দিয়ে বড় বড় বাস, ট্রাকসহ ভারী যানবাহন টেনে তোলা যায় না।
এ অবস্থায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। দুর্ঘটনাকবলিত যানবাহন দীর্ঘ সময় পড়ে থাকে দুর্ঘটনাস্থলেই। এতে মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট। দুর্ঘটনার পর উদ্ধারকাজে যাওয়া পুলিশের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।
জেলার সিরাজদিখান, শ্রীনগর ও লৌহজং উপজেলার ওপর দিয়ে গেছে ঢাকা-মাওয়া মহাসড়ক। আর গজারিয়া উপজেলার ওপর দিয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। দুটি মহাসড়কে দুর্ঘটনার পর সময়মতো রেকার না পৌঁছানোয় ব্যাহত হয় উদ্ধারকাজ। জেলার মাসিক আইনশৃঙ্খলা রক্ষা কমিটি ও উন্নয়ন সমন্বয় সভায় ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
রেকারের ব্যাপারে কথা হয় সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশারের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের থানায় কোনো রেকার নেই। শ্রীনগর থানায় একটি পুরোনো রেকার আছে। তা দিয়ে গাড়ি টেনে তোলা তো দূরের কথা, সরানোও কষ্টকর হয়ে পড়ে। এখানে শক্তিশালী একটি রেকার দরকার।’
অন্যদিকে গজারিয়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানালেন, গজারিয়ায় কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে রেকার আনা হয় নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে। গজারিয়ায় একটি রেকার থাকলে উদ্ধার তৎপরতা সহজ হবে।
যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বলেন, ‘মুন্সিগঞ্জের দুপাশে দুটি মহাসড়ক। এই সড়কে প্রায় দিনই দুর্ঘটনা ঘটে। সেই সমস্যা বিবেচনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জন্য গজারিয়া উপজেলায় ও ঢাকা-মাওয়া মহাসড়কের জন্য মাওয়া এলাকায় দুটি শক্তিশালী রেকার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব বরাবর আবেদন করেছি। রেকার দুটি পেলে সড়ক দুর্ঘটনায় উদ্ধার তৎপরতা সহজতর হবে।’