রেক্টর দেলোয়ারের আবার পদত্যাগ!
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর সরকারের সচিব দেলোয়ার হোসেন চাকরি থেকে আবারও স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন। গত মঙ্গলবার সংস্থাপন সচিবের কাছে ফ্যাক্সযোগে পাঠানো এক পত্রে তিনি অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।এর আগে, গত বছরের ৩১ আগস্ট তিনি একবার চাকরি থেকে অবসর নেওয়ার জন্য পদত্যাগপত্র দিয়েছিলেন। কিন্তু সরকার তা গ্রহণ না করে তাঁকে একই পদে (বিপিএটিসির রেক্টর) নিয়োগ দেয়, যার আইনগত বৈধতা নিয়ে তখন প্রশ্ন উঠেছিল। এ নিয়ে প্রশাসনেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। কারণ, সরকারি বিধানে কোনো গণকর্মচারী স্বেচ্ছা অবসরের আবেদন করলে তা গ্রহণ না করার সুযোগ নেই। বিষয়টি তখন প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল। গতকাল বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে জানায়, রেক্টর দেলোয়ার হোসেন স্বেচ্ছা অবসরের জন্য আবারও আবেদন করেছেন। তবে রেক্টরের দুটি মুঠোফোন বন্ধ থাকায় তাঁর মতামত নেওয়া সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র দাখিলের এক মাস পর পদত্যাগ কার্যকর হবে।