রেক্সোনাদের সামনে এখন কঠিন বাস্তবতা
কচিমুখের মেয়েটির বয়স বড়জোর ১৩ বছর। নাম রেক্সোনা। আঙুলের কর গুনে গুনে জানাল, ৫ মাস ২৭ দিন আগে অভিভাবকদের ইচ্ছায় তার বিয়ে হয়েছিল শান্ত আহমেদের (১৮) সঙ্গে। তখন সে সপ্তম শ্রেণির ছাত্রী। স্বামী-সংসার কী, তা বুঝে ওঠার আগেই এই কিশোরীর জীবনে নেমে এসেছে অন্তহীন কান্না।
রেক্সোনার স্বামী শান্ত আহমেদ সেই ১৩ হতভাগার একজন, যাঁরা গত ২৬ মার্চ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। নিহত ১২ জনেরই বাড়ি উপজেলার বড় বলদিয়া গ্রামে। প্রতিটি পরিবারের বর্তমান কাহিনি কমবেশি একই রকম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব তারা। গত ২৯ মার্চ সরেজমিনে পরিবারের সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া যায়।
নিহত হাফিজুর রহমানের নিজস্ব ভিটেমাটিও ছিল না। গোলাম ফারুক মালিতা নামে এলাকার একজনের জমিতে পাটকাঠির বেড়ার ওপর টিনের ছাপরা তুলে পরিবার নিয়ে বাস করতেন। কাজ না করলে চুলায় হাঁড়ি উঠত না। সেই কাজের জন্য বের হয়েই দুর্ঘটনায় মৃত্যু হয় ৩০ বছর বয়সী এই যুবকের। স্বামীর অকালমৃত্যুতে স্ত্রী আকলিমা খাতুন (২৬) পড়েছেন অথই সাগরে।
আকলিমা বলেন, তাঁর দুই ছেলে। বড় ছেলে রাকিব হাসান (১১) ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ছোট ছেলে সিয়াম হাসান (৬) বুদ্ধিপ্রতিবন্ধী। স্বামীর নিজস্ব ভিটেমাটি না থাকায় এখন দুই ছেলেকে নিয়ে কী করবেন, ভেবে পাচ্ছেন না।
বয়স যখন চার, তখন সোহান আলীর মা শাহানাজ বেগম মারা যান। বুদ্ধিপ্রতিবন্ধী এই কিশোরের বয়স এখন ১৪ বছর। এত দিন বাবা বিল্লাল হোসেনের স্নেহে বেড়ে উঠছিল। সড়ক দুর্ঘটনায় বিল্লালের মৃত্যুর পর সোহানকে নিয়ে দিশেহারা দাদি দাসীরণ নেছা (৮০)। পাঁচ মেয়ের পরে ওই একটাই ছেলে ছিল এই বৃদ্ধার।
বড় বলদিয়া গ্রামের বাসিন্দা মেহেরপুর সরকারি কলেজের স্নাতকোত্তর (বাংলা) শ্রেণির ছাত্র মনিরুল ইসলাম বললেন, ২৬ মার্চের দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের প্রতিটি পরিবারের গল্পই এমন। আর তাঁদের প্রত্যেকেই সৎ ছিলেন। গ্রামটি ভারত সীমান্তঘেঁষা। এলাকার অনেকেই চোরাচালানি করে অর্থ কামাচ্ছেন। কিন্তু চরম টানাটানির মধ্যে থাকলেও এসব মানুষ সেই অসৎ পথে পা বাড়াননি। তাঁরা দিনমজুরি করে সংসার চালাতেন।
বড় বলদিয়া গ্রামে শ্রমিকদের দৈনন্দিন মজুরি ১৪০ টাকা। এ কারণে আলমডাঙ্গার মুন্সীগঞ্জে সড়ক নির্মাণের কাজে যোগ দিয়েছিলেন হতাহত ব্যক্তিরা। ঘটনার দিন ভটভটিতে চড়ে সেখানেই যাচ্ছিলেন তাঁরা। এ কাজে দৈনিক মজুরি পেতেন ২০০ টাকা। দৈনিক ১২ ঘণ্টা অমানবিক পরিশ্রম করতেন। ভোরবেলায় বাড়িতে বসে খাওয়ার সময়ও থাকত না। বাসি-পান্তা ভাত গামলায় বেঁধে নিয়ে ভোরে রওনা হতেন। হাড়ভাঙা পরিশ্রম করে রাতে বাড়ি ফিরতেন।
শুধু নিহত ব্যক্তিদের নয়, আহত ব্যক্তিদের পরিবারগুলোও এখন এক চরম সংকটের মুখোমুখি। তিন বেলা খাবার জোটানো নিয়ে যেমন দেখা দিয়েছে অনিশ্চয়তা, তেমনি অসুস্থ প্রিয়জনের চিকিৎসার খরচ চালাতে হিমশিম অবস্থা তাঁদের। এ ছাড়া কয়েকটি পরিবারে রয়েছে স্কুল-কলেজে পড়ুয়া সন্তান। তাদের সামনে এখন শুধুই অন্ধকার।
বড় বলদিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী বলেন, ওই পরিবারগুলোর দুজন এ বছর তাঁর প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এ ছাড়া ঢাকার তিতুমীর কলেজে একজন স্নাতক শ্রেণিতে পড়েন। এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে বেশ কয়েকজন। এদের পড়ালেখা অনিশ্চয়তার মুখে পড়েছে। পরিবারগুলো সত্যিকার অর্থেই মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে উল্লেখ করে তিনি অসহায় এসব মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
দামুড়হুদার ওই সড়ক দুর্ঘটনা নিয়ে প্রথম আলোয় গত ২৮ মার্চ ‘দিনমজুরদের রক্তে লাল পিচঢালা কালো পথ’ শিরোনামে খবর প্রকাশিত হয়।