রেজওয়ানকে বিজয়ী ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ান আহাম্মদকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। রিটার্নিং অফিসার মো. জাহিদ হোসেন গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন।রিটার্নিং অফিসার ঘোষিত ফলাফল অনুযায়ী, উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ান আহাম্মদ (নৌকা প্রতীক) ৯৯ হাজার ৯৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম (ফুটবল প্রতীক) পেয়েছেন ৫৯ হাজার ২২৪ ভোট। গত বুধবার এ উপনির্বাচনে ভোট গ্রহণ করা হয়। বিজয়ী রেজওয়ান রাষ্ট্রপতি আবদুল হামিদের বড় ছেলে। এ আসনের সাতবারের সাংসদ আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়।এ উপনির্বাচনে ভোটকেন্দ্র ছিল ১১৮টি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার দুই লাখ ৭৭ হাজার ১২৬ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন এক লাখ ৬০ হাজার ৪৩৭ জন।বুধবার অসমর্থিত সূত্র বলেছিল, ১১৮ কেন্দ্রে রেজওয়ান পেয়েছেন এক লাখ ৫৩ ভোট এবং মহিতুল পেয়েছেন ৫৯ হাজার ৭০ ভোট। তবে বুধবার রাত সোয়া ১০টা পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সর্বশেষ ১১৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছিল। তাতে রেজওয়ান পেয়েছিলেন ৯৮ হাজার ২৬ ভোট এবং মহিতুল পেয়েছিলেন ৫৮ হাজার ৯৪৩ ভোট। বাকি ছিল মিঠামইন উপজেলার বৈরাটি ইউনিয়নের বৈরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও বাহেরচর মাদ্রাসা কেন্দ্রের ফলাফল। গতকাল বেলা ১১টার দিকে ওই দুটি কেন্দ্রসহ মোট ১১৮টি কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষণা করা হয়।সর্বশেষ আসা এ দুটি কেন্দ্রের মধ্যে বৈরাটি বিদ্যালয় কেন্দ্রে রেজওয়ান পেয়েছেন এক হাজার ৩৫ ভোট, মহিতুল পেয়েছেন ২৪২ ভোট। বাহেরচর মাদ্রাসা কেন্দ্রে নৌকা প্রতীক পায় ৮৭২ ভোট এবং ফুটবল প্রতীক পায় মাত্র ৩৯ ভোট। উপনির্বাচনের ফলাফলে কিশোরগঞ্জ জেলা বিএনপি তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে। জেলা বিএনপি বলেছে, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন যে সম্ভব নয় তার প্রমাণ কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচন।