রেজওয়ানকে ফাঁদে ফেলে সন্ত্রাসী বানানোর তৎপরতার নিন্দা
বাংলাদেশি তরুণ কাজী রেজওয়ানুল আহসান নাফিসকে পরিকল্পিত উপায়ে প্রতারণামূলক ফাঁদে ফেলে ‘ভয়ংকর সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তৎপরতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক এ প্রতিবাদ জানান। তিনি বলেন, স্টিং অপারেশনের নামে ফাঁদ পেতে সন্ত্রাসী বানানো ও গ্রেপ্তারের কৌশল কোনো বিবেকমান মানুষ সমর্থন করতে পারে না। এটি বাংলাদেশকে চাপে রাখার কোনো কৌশল কি না, তা-ও খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, যেকোনো মানুষ যেকোনো দেশের নীতিকৌশলের বিরোধিতা করতে পারেন। এটি করলেই তাঁকে শত্রু হিসেবে চিহ্নিত করে আক্রমণ করার ‘বুশ ডকট্রিন’ পরিত্যাগ করতে হবে। বিবৃতিতে রেজওয়ানুলের মতো আর কোনো বাংলাদেশি যাতে অন্যায়ভাবে শাস্তি ভোগ না করেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।