রেজওয়ানকেই যোগ্য ঘোষণা আপিল করবেন বঞ্চিত প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও রাষ্ট্রপতি আবদুল হামিদের বড় ছেলে রেজওয়ান আহম্মদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন রেজওয়ানকে বৈধ ঘোষণা করে অন্য দুই প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল করেছেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।মনোনয়নপত্র বাতিল হওয়ায় ক্ষুব্ধ অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিদুল ইসলাম। তিনি গতকাল পুরাতন কোর্ট রোডে তাঁর মামার বাসায় এক সংবাদ সম্মেলনে বলেন, অন্যায়ভাবে ওপরের নির্দেশে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর বিরুদ্ধে তিনি আইন অনুযায়ী নির্বাচন কমিশনের সচিবের কাছে আপিল করবেন। এর পরও সঠিক বিচার ও সিদ্ধান্ত না পেলে হাইকোর্টে রিট করবেন।জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার মো. আমিরুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থী মহিদুল ইসলামকে শতকরা ১ ভাগ ভোটারের সমর্থন দেখাতে হতো। তিনি তা করেছেনও। তবে এঁদের মধ্যে ১০ জনের ভোটার যাচাইয়ে একজনের ভোটার নম্বরও সঠিক নয়। তাই তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। আর অন্য প্রার্থী জামায়াতে ওলামায়ে ইসলামের খালেদ সাইফুল ইসলামকে তাঁর দল মনোনয়ন দেয়নি। মহিদুল ইসলামের আইনজীবী মো. আতিকুর রহমান বলেন, একটি ভুল তথ্যের জন্য মনোনয়নপত্র বাতিল হতে পারে না। কারণ, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুচ্ছেদ ১৪(৩)এর ডি ২ ধারা মোতাবেক রিটার্নিং কর্মকর্তা সংশোধনের সুযোগ দেবেন। অভিযোগ অস্বীকার করে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, সমর্থিত ভোটারের ক্রমিক নম্বর ভুল হওয়ার কারণে বিধি মোতাবেক সৈয়দ মহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তাঁর আপিল করার সুযোগ রয়েছে।সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আবদুল হামিদ ২০০৮ সালের নির্বাচনে এই আসন থেকে সপ্তমবারের মতো নির্বাচিত হন।