রেজওয়ানা চৌধুরী বন্যার ‘স্বপনচারিণী’র মোড়ক উন্মোচন
রেজওয়ানা চৌধুরী বন্যার নতুন অ্যালবাম স্বপনচারিণীর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। ধানমন্ডি ২৭ নম্বরে বেঙ্গল গ্যালারিতে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। আয়োজক সূত্র জানিয়েছে, মোড়ক উন্মোচন হলেও অ্যালবামটি বাজারে আসবে পয়লা বৈশাখ। প্রায় এক বছর আগে অ্যালবামের কাজ শুরু করেন রেজওয়ানা চৌধুরী। ১০টি গানের অ্যালবামটির সংগীত আয়োজন করেছেন কলকাতার পুলক সরকার, লন্ডনপ্রবাসী গৌরব এবং বাংলাদেশের সাদ। প্রজ্ঞা লাবণীর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বপনচারিণী অ্যালবাম থেকে কয়েকটি গান গেয়ে শোনান শিল্পী রেজওয়ানা চৌধুরী। তাঁর গানগুলো শ্রোতারা মুগ্ধ হয়ে উপভোগ করেন। অনুষ্ঠানের শুরুতে বেঙ্গল মিউজিকের উপব্যবস্থাপনা পরিচালক জিয়াউল করিম শুভেচ্ছা বক্তব্য দেন। এরপর আবুল মাল আবদুল মুহিত স্বপনচারিণী অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। তিনি বলেন, ‘বেঙ্গল ফাউন্ডেশন সংগীতসহ শিল্পের বিভিন্ন মাধ্যমের পৃষ্ঠপোষকতা করছে দীর্ঘদিন ধরে। তাই আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে গান শুনতে এসেছি।’ তিনি আরও বলেন, ‘রেজওয়ানা চৌধুরী বাংলাদেশের শুদ্ধ সংগীতকে বিশ্বের কাছে পরিচিত করে তুলছেন। তাঁকে নিয়ে আমরা গর্ব করতে পারি। আমরা তাঁকে শুভেচ্ছা জানাই।’প্রধান অতিথির বক্তৃতার পর শুরু হয় রেজওয়ানা চৌধুরীর গান। তিনি বলেন, এই অ্যালবামটিতে তিনজন তরুণ সংগীত আয়োজন করেছেন। তাঁরা যে খুব আহামরি কাজ করেছেন, তা বলব না। তবে এই যে তরুণেরা এগিয়ে এলেন, তাঁরা এক পা বাড়ালেন—এটাই একটা বড় কাজ হয়েছে। গান শেষে সমাপনী বক্তব্য দেন স্বপনচারিণী অ্যালবামের পৃষ্ঠপোষক ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।