নিউইয়র্কে গোয়েন্দা ফাঁদে বাংলাদেশি যুবক
রেজওয়ানুল সম্পর্কে ইতিবাচক ধারণা মার্কিন বিশ্ববিদ্যালয়ের
যুক্তরাষ্ট্রে হামলা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস সম্পর্কে ইতিবাচক ধারণা দিয়েছে সে দেশের সাউথ ইস্ট মিসৌরি স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। রেজওয়ানুল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তারা গত মঙ্গলবার জানান, নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টার পরিকল্পনায় গত সপ্তাহে আটক রেজওয়ানুল এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় সৌজন্যবিধি বা অন্য কোনো নিয়ম ভঙ্গ করেননি। কর্মকর্তারা জানান, ২১ বছরের বাংলাদেশি যুবক রেজওয়ানুলের সঙ্গে তাঁদের স্বল্পমেয়াদি ওই যোগাযোগকালে কখনোই সতর্ক হওয়ার মতো বা সন্দেহজনক কিছু দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা ও সেবা বিভাগের পরিচালক জহির আহমেদ বলেন, তাঁরা যদি সন্দেহজনক কিছু দেখতেন, তবে রেজওয়ানুল নিউইয়র্কের ব্রুকলিনের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তর হয়ে যাওয়ার পর সেখানকার কর্তৃপক্ষও তেমনটা দেখতে পেতেন। তিনি আরও বলেন, রেজওয়ানুলের শিক্ষাপ্রতিষ্ঠান স্থানান্তরের ক্ষেত্রে কাগজপত্র পাঠানোর প্রক্রিয়াতেও তাঁরা ব্যতিক্রমী কিছু করেননি।মার্কিন সংবাদপত্র সাউথ ইস্ট মিসৌরিয়ান-এর সঙ্গে মঙ্গলবার এক সাক্ষাৎকারে জহির আহমেদ ও বিশ্ববিদ্যালয়টির ভর্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেব্বি বিলো দৃঢ়তার সঙ্গে বলেন, রেজওয়ানুলের ভর্তি প্রক্রিয়ায় কিছু জটিলতা সৃষ্টি হলেও বিশ্ববিদ্যালয়ে পাঁচ মাস থাকাকালে তিনি নিয়মকানুনের প্রতি পরিপূর্ণ আনুগত্য প্রদর্শন করেন।উভয় কর্মকর্তাই জানান, রেজওয়ানুলের গ্রেপ্তার হওয়ার প্রেক্ষাপটে তাঁদের বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় পরিবর্তন আসবে বলে তাঁরা মনে করেন না। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের গতিবিধি পর্যবেক্ষণ, বিশেষত রেজওয়ানুল সন্ত্রাস দমনবিষয়ক সরকারি নজরদারি কীভাবে এড়িয়ে গেলেন, তা নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য জো অ্যান ইমারসন যেদিন কেন্দ্রীয়ভাবে তদন্তের আহ্বান জানান, সেদিনই বিশ্ববিদ্যালয়ের এই দুই কর্মকর্তা এই বক্তব্য দিলেন।ইমারসনের সঙ্গে সুর মিলিয়ে মার্কিন সিনেটর চার্লস শুমারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মহাপরিদর্শকের কাছে দেশটিতে রেজওয়ানুলের পড়াশোনা ও বসবাসের ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা প্রাপ্তির বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান জানান। সাউথ ইস্ট মিসৌরি ইউনিভার্সিটি থেকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে নথিপত্র স্থানান্তরে রেজওয়ানুলের আবেদনের বিষয়টি খতিয়ে দেখারও আহ্বান জানান তিনি। মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার একজন মুখপাত্র রেজওয়ানুলের ব্যাপারে তদন্ত চলছে উল্লেখ করে ওই আহ্বানের ওপর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। সাউথ ইস্ট মিসৌরিয়ান।