যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া কাজী রেজওয়ানুল আহসান নাফিসকে বাংলাদেশি হিসেবে আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে না। জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগসাজশের অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। নিউইয়র্কের পুলিশ বিভাগের প্রধান রেমন্ড কেলি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেছেন। গত শুক্রবার জ্যামাইকা মুসলিম সেন্টারে পুলিশ কমিশনার কেলি বাংলাদেশি অভিবাসীদের আতঙ্কগ্রস্ত না হয়ে অপরাধ দমনে পুলিশ বিভাগকে সহযোগিতা করার আহ্বান জানান। রেজওয়ানুল গ্রেপ্তার হওয়ার পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। এর অবসান ঘটাতেই নিউইয়র্ক নগরের পুলিশপ্রধান বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করলেন। নিউইয়র্কে বাংলাদেশি অভিবাসীদের সর্ববৃহৎ মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত এই বৈঠকে ব্যাপকসংখ্যক প্রবাসীর উপস্থিতি ছিল। রেজওয়ানুলের গ্রেপ্তার হওয়ার ঘটনায় বাংলাদেশিদের বিব্রত হওয়ার কোনো কারণ নেই বলে উল্লেখ করেন কেলি।