যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখার কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।গতকাল শুক্রবার কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হানিফ। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। হানিফ বলেন, ‘জামায়াত জঙ্গি তৈরি করে দেশের ভেতর ও বাইরে তাদের ছড়িয়ে দিয়েছে। নাফিসের সঙ্গে তাদের (জামায়াত) কোনো সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হবে।’ নাফিসের গ্রেপ্তারের ঘটনা জাতির জন্য দুঃখজনক ও লজ্জাজনক উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, এটা কখনো কাম্য ছিল না। কেন এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে হবে।নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগে গত বৃহস্পতিবার মার্কিন পুলিশ ও এফবিআইয়ের হাতে গ্রেপ্তার হন নাফিস।রামুতে বৌদমন্দির ও বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা পরিকল্পিত দাবি করে হানিফ বলেন, শেখ হাসিনার ওপর জনগণের আস্থায় ফাটল ধরাতেই এ ঘটনা ঘটানো হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে আওয়ামী লীগের সম্প্রীতি নষ্টের জন্য তাদের ওপর আঘাত করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম। বক্তৃতা করেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, অভিনেতা এ টি এম শামসুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুস প্রমুখ।