রেজাউলের কাছ থেকে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁওয়ে স্কুলছাত্রী ইলোরার আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত রেজাউলকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তবে তাঁর কাছ থেকে পুলিশ এখনো কোনো গুরুত্বপূর্ণ তথ্য পায়নি।মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মাহবুবে খোদা প্রথম আলোকে বলেন, ‘রেজাউলকে জিজ্ঞাসাবাদ চলছে। এখনো তার কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। সে একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।’ আজ মঙ্গলবার দুই দিনের রিমান্ড শেষে রেজাউলকে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হবে।ইলোরার আত্মহননের জন্য দায়ী এবং স্কুলছাত্রীদের উত্ত্যক্তকারী বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সংগঠনের আহ্বায়ক রওশন আরা ও সদস্যসচিব সৈয়দা পারভীন আক্তার বখাটে রেজাউলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এদিকে কর্মজীবী নারী গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বখাটেদের শাস্তির দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে। বাংলাদেশ মহিলা পরিষদ স্কুলছাত্রী ইলোরাকে আত্মহত্যায় প্ররোচিত করার প্রতিবাদে গতকাল খিলগাঁও নন্দীপাড়ায় মহানগর কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।গত শনিবার বিকেলে রাজধানীর রামপুরার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী উম্মে কুলসুম ওরফে ইলোরা (১৪) বখাটে রেজাউলের উৎপাতে অতিষ্ঠ হয়ে বিষপানে আত্মহত্যা করে।