রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের দাবি শিক্ষকদের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের দাবি জানিয়েছেন শিক্ষকদের একাংশ। ২০ অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেঁধে দিয়েছেন তাঁরা। অন্যথায় তাঁরা কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানিয়েছেন।
সম্মিলিত শিক্ষক পরিষদের ব্যানারে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষকেরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান। তিনি বলেন, ২০ বছর আগে এ বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন হয়েছিল। এরপর আর কোনো নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয় কিছু ব্যক্তি বা গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের দাবি জানানো হচ্ছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়োগসংক্রান্ত অনিয়ম দূর করা, ছাত্রী হলে প্রাধ্যক্ষ পদে নারী শিক্ষক নিয়োগ দেওয়া, বিভিন্ন পর্যায়ে বিচারহীনতার সংস্কৃতি দূর করা, ভিন্নমতাবলম্বী শিক্ষকদের বঞ্চিত করা ও নিয়োগ কমিটিতে বহিঃস্থ সদস্য মনোনয়নের ক্ষেত্রে আজ্ঞাবহদের অগ্রাধিকার দেওয়ার প্রবণতা বন্ধের দাবি জানান আতিকুর রহমান।
পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকুক। সে লক্ষ্যে আমরা রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের দাবি জানাই।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছান, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম, গণিত বিভাগের অধ্যাপক মো. শরীফ উদ্দিন, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।