রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় হচ্ছে ২৭০৪ কমিউনিটি স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মে মাসের মধ্যেই রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে উন্নীত হচ্ছে দেশের দুই হাজার ৭০৪টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের তালিকা বিভাগীয় উপপরিচালকদের কাছে পাঠানোর পর তাঁরা ইতিমধ্যে নিবন্ধন-প্রক্রিয়া শুরু করেছেন। রেজিস্টার্ড বিদ্যালয়ে উন্নীত হলে এসব বিদ্যালয়ের শিক্ষকদের আর্থিক সুবিধা বাড়বে। প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার এই সিদ্ধান্তের কথা জানিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ২৫ মের মধ্যে রেজিস্ট্রেশন করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। এ কাজে দুুর্নীতি ঠেকাতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।সুত্রমতে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেওয়ার পর গত সোমবার সভা করে এর বাস্তবায়ন-প্রক্রিয়া ঠিক করে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কারও শর্ত পূরণে কিছু ঘাটতি থাকলেও শর্ত সাপেক্ষে নিবন্ধন করতে বলা হয়েছে। নিবন্ধনের কাজটি করে থাকে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়।জানতে চাইলে ঢাকা বিভাগের উপপরিচালক মাহফুজুল ইসলাম প্রথম আলোকে জানান, বাস্তবায়নের ব্যাপারে গত সোমবার সভা হয়েছে। মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করে নিবন্ধন করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের তথ্য অনুযায়ী নিবন্ধনের জন্য নির্বাচিত কমিউনিটি বিদ্যালয়ের মধ্যে ঢাকা বিভাগে ৭৩৮, রাজশাহী বিভাগে ১৪৭, চট্টগ্রাম বিভাগে ৮৪৫, রংপুর বিভাগে ৩১০, সিলেট বিভাগে ২৭৪, বরিশাল বিভাগে ১৩৮ ও খুলনা বিভাগে ২৫২টি বিদ্যালয় রয়েছে। যেসব কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে চারটি শ্রেণীকক্ষ, শিক্ষকের চারটি পদসহ মৌলিক অবকাঠামো আছে, সেগুলোকেই রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় করা হচ্ছে।কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বর্তমানে সরকার থেকে কেবল রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমান মূল বেতন পান। রেজিস্টার্ড বিদ্যালয় হলে এসব বিদ্যালয়ের শিক্ষকেরা বর্তমানের মূল বেতনের সঙ্গে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো ২০০ টাকা বাড়িভাড়া, ২০০ টাকা চিকিৎসা ভাতা এবং বছরে একটি উৎসব ভাতাও (দুই ঈদে ভাগ করে দেওয়া হয়) পাবেন।রেজিস্টার্ড বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা (প্রশিক্ষণবিহীন) মূল বেতন পান চার হাজার ৭০০ টাকা। তার সঙ্গে উল্লিখিত বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা পান। আর প্রধান শিক্ষকেরা (প্রশিক্ষণবিহীন) বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার বাইরেও মূল বেতন পান পাঁচ হাজার ২০০ টাকা। তবে প্রশিক্ষণ থাকলে শিক্ষকদের বেতন কিছু বাড়ে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক মো. নূরউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও শিক্ষার মান নিশ্চিত করতে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়কে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে উন্নীত করা হচ্ছে।ইউনিটের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে দেশে তিন হাজার ৭৭২টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। পর্যায়ক্রমে সবগুলোকে রেজিস্টার্ড বিদ্যালয়ে উন্নীত করা হবে।