রেজিস্টার্ড বিদ্যালয়: উত্তীর্ণ প্রার্থীদের লাঠিপেটা

সদ্য জাতীয়করণকৃত রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্যানেলভুক্ত প্রার্থীদের লাঠিপেটা করে ও জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। তাঁরা নিয়োগের দাবিতে আন্দোলন করছিলেন। এতে আটজন আহত হয়েছেন। এ ছাড়া ১৬ জনকে আটক করা হয়।
আন্দোলনকারী শিক্ষকেরা এই অভিযোগ করেছেন। আজ সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।
আন্দোলনরত নিয়োগবঞ্চিত শিক্ষক-শিক্ষিকাদের সভাপতি অপু সরকার জানান, নিয়োগের দাবিতে শহীদ মিনারে তাঁদের মহাসমাবেশ ছিল। এরপর তাঁরা স্মারকলিপি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হলে পুলিশ লাঠিপেটা করে। একই সঙ্গে গরম পানি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে আটজন আহত হন। তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। এ ছাড়া পুলিশ সেখান থেকে ১৬ জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।
রাত সাড়ে আটটার দিকে অপু সরকার বলেন, আটককৃতদের ছাড়িয়ে নেওয়ার জন্য তাঁরা শাহবাগ থানায় আছেন। তিনি বলেন, দাবি আদায়ে নতুন কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, লাঠিপেটা করার অভিযোগ মিথ্যা। তবে যেহেতু তাঁদের অনুমতি ছিল না, রাস্তা বন্ধ করে রেখেছিলেন, সেজন্য তাঁদের সরিয়ে দেওয়া হয়। কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে।