রেজিস্ট্রার ও তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে শিক্ষক-সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীরা মিছিল করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিন্ডিকেটের এক সভায় রেজিস্ট্রার আমিনুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান এ কে এম শামছুদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক আহমেদুল বারী ও সংগীত বিভাগের প্রধান রশিদুন নবীকে সাময়িক বরখাস্ত করা হয়। বিজ্ঞপ্তির মাধ্যমে নিজ নিজ বিভাগে শিক্ষকদের বরখাস্তের বিষয়টি জানিয়ে দিলে গত মঙ্গলবারই সংগীত বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রশিদুন নবীর পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন। এদিকে শিক্ষক-সংকটের মধ্যে বাংলা বিভাগের দুজনকে বরখাস্তের ঘটনায় নতুন শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করেছেন। ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হুমায়ূন কবীর বলেন, ‘আমি ছাত্র বা শিক্ষক নই। আমি এ ব্যাপারে কোনো কিছুই জানি না। আমার কাছে কোনো তথ্য নেই।’উপাচার্য সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ মুঠোফোনে জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিভাগীয় শাস্তিস্বরূপ তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, এ মাসের ১ তারিখ বিশ্ববিদ্যালয়ের ৩৩তম সিন্ডিকেট সভায় তাঁদের সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। এর পর থেকেই সংগীত বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে রশিদুন নবীকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন। বুধবার তাঁরা শ্রেণীকক্ষে তালা লাগিয়ে দেন। কলা ভবন থেকে তাঁরা মিছিল নিয়ে এসে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন শেষে সমাবেশ করেন। তাঁরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার এবং ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। অবিলম্বে নতুন শিক্ষক নিয়োগের দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন বাংলা বিভাগের শিক্ষার্থীরা। তাঁরা এ সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভাপতি বরাবর একটি স্মারকলিপি দেন।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।