রেজিস্ট্রার পদ নিয়ে জটিলতা উপাচার্যকে আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) রেজিস্ট্রার পদ নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তাকে সরিয়ে শিক্ষককে রেজিস্ট্রার পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার প্রতিবাদ জানিয়েছে কর্মকর্তা সমিতি। তাঁরা উপাচার্যকে আদেশ বাতিল করে ওই কর্মকর্তাকে পুনবর্হালের দাবিতে লিখিত আলটিমেটাম দিয়েছেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রেজিস্ট্রার পদ শূন্য হওয়ার পর গত বছরের ২৭ মে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এম এস দোহাকে অতিরিক্ত দায়িত্ব (সাময়িক) দেওয়া হয়। বৃহস্পতিবার তাঁকে সরিয়ে তড়িৎ কৌশল অনুষদের ডিন মোহাম্মদ আবদুল মান্নানকে রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে কর্মকর্তা সমিতির জরুরি বৈঠকে এর প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে আদেশ প্রত্যাহার করে এম এস দোহাকেই রেজিস্ট্রার পদে পুনবর্হালের দাবি জানানো হয় সভায়। তা না হলে তাঁরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। পরে কর্মকর্তা সমিতি উপাচার্যের কাছে লিখিত আলটিমেটাম দেয়। বৃহস্পতিবার সমিতির বেঁধে দেওয়া সময় শেষে প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল থাকায় কাল রোববার থেকে কর্মকর্তা সমিতি আন্দোলনে নামার হুমকি দিয়েছে।সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের জানান, রেজিস্ট্রার হলো কর্মকর্তার পদ। কিন্তু উপাচার্য কর্মকর্তা সমিতির সঙ্গে কোনো আলোচনা না করেই একজন শিক্ষককে দায়িত্ব দিয়েছেন। তাঁর দাবি, রেজিস্ট্রার পদে দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ে অনেক যোগ্য কর্মকর্তা রয়েছেন। তিনি জানান, এম এস দোহাকেই রেজিস্ট্রার পদে বহাল রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, কিছুদিন আগে রেজিস্ট্রার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেখানে অন্যদের সঙ্গে এম এস দোহাও প্রার্থী হিসেবে আবেদন করেছিলেন। কিন্তু নিয়োগ বোর্ড সবাইকে অযোগ্য বিবেচনা করায় নিয়োগটি বাতিল করা হয়। সূত্র বলছে, রেজিস্ট্রার পদে দায়িত্বে থাকা অবস্থায় এম এস দোহা নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। এ জন্যই মূলত তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক কর্মকর্তার সঙ্গে আলাপকালে তাঁরা জানান, প্রায় এক বছর ধরে রেজিস্ট্রারের মতো একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ না হওয়ায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। তাঁদের প্রশ্ন, ধার করা লোক দিয়ে গুরুত্বপূর্ণ এ পদ আর কত দিন চলবে।উপাচার্য এম সবদার আলী জানান, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবকিছু বিবেচনা করে রেজিস্ট্রার পদে ওই শিক্ষককে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগির পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে যোগ্য কাউকে স্থায়ী নিয়োগ দেওয়া হবে। এ নিয়ে কেউ কিছু করতে চাইলে লাভ হবে না।