রেজিস্ট্রারের কক্ষে ছাত্রলীগের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়োগের দাবিতে রেজিস্ট্রারের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত তাঁরা তালা ঝুলিয়ে রাখেন। পরে উপাচার্যের সঙ্গে আলোচনার পর তাঁরা তালা খুলে দেন।
ক্যাম্পাস ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় কয়েকটি পদে নিয়োগ দেওয়া হয়। এতে ছাত্রলীগের নেতাদের কোনো সুপারিশ রাখা হয়নি—এমন অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আশরাফুল আলমের কক্ষে তালা ঝুলিয়ে দেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম বলেন, ‘সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি পদে নিয়োগ দেওয়া হয়। যাঁদের বেশির ভাগই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিদের আত্মীয়। সেখানে ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা-কর্মী প্রার্থী থাকলেও নিয়োগ দেওয়া হয়নি।’
রেজিস্ট্রার আশরাফুল আলম বলেন, ‘আমি দপ্তরে ছিলাম না। কেউ তালা দিয়েছিল কি না, আমার জানা নেই। বেলা তিনটা থেকে আমি অফিস করেছি।’