কোনো রকম বিজ্ঞপ্তি ছাড়া ছুটির দিনে অ্যাডহক ভিত্তিতে নেওয়া ৪২ কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাতিল, জ্যেষ্ঠতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে সহ-উপাচার্য নিয়োগ এবং এ সপ্তাহের মধ্যে রেজিস্ট্রারের পদত্যাগের দাবি জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।গত রোববার শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত অনুসারে এই দাবি জানানো হয়। এ জন্য আগামী ৩ অক্টোবর পর্যন্ত উপাচার্যকে সময় বেঁধে দিয়েছে সমিতি। সভায় উপাচার্যের দপ্তরে বহিরাগত সন্ত্রাসীদের ভাঙচুরের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। শিক্ষক সমিতি এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে।একাধিক শিক্ষক বলেন, এর আগে ভাঙচুরের ঘটনায় শিক্ষার্থীদের আজীবন বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নিলেও বহিরাগত সন্ত্রাসীদের ব্যাপারে প্রশাসনের নিষ্ক্রিয়তা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। বহিরাগত সন্ত্রাসীরা এর আগে দরপত্র ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটিয়েছে।সাবেক সহ-উপাচার্য পূর্ণেন্দু গাইনকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অপসারণেরও দাবি জানায় শিক্ষক সমিতি। সমিতি শিক্ষক আপগ্রেডেশন-সংক্রান্ত অনিয়মের জন্য এক সপ্তাহের মধ্যে রেজিস্ট্রারের পদত্যাগও দাবি করে। সমিতির সিদ্ধান্ত ও দাবিগুলো গতকাল সোমবার উপাচার্য মো. সাইফুদ্দিন শাহকে লিখিতভাবে জানানো হয়েছে।উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তসংবলিত পত্র পেয়েছি। শিক্ষকদের সমন্বয় সভা ও সিন্ডিকেটের বৈঠক ডেকে সবার মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, কোনো বিজ্ঞপ্তি ছাড়াই ১ সেপ্টেম্বর ছুটির দিনে অস্থায়ী ভিত্তিতে ৪২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ নিয়ে অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। ক্ষমতাসীন দলের নেতাদের সুপারিশ না রাখায় পরদিন ২ সেপ্টেম্বর স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতারা উপাচার্যের দপ্তরে ভাঙচুর চালান। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি। তবে এই নিয়োগ বৈধ করতে ৩ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এখন এই নিয়োগ বাতিল করে পুনরায় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পরীক্ষার মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের দাবি করেছে শিক্ষক সমিতি। তারা জ্যেষ্ঠতার ভিত্তিতে মাস্টাররোল কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়ার সুপারিশ করে।সমিতির অভিযোগে জানা যায়, একজন জ্যেষ্ঠ শিক্ষক তাঁর পদোন্নতির জন্য রেজিস্ট্রারের দপ্তরে আবেদন করেছেন। আবেদনটি গত ৩১ ডিসেম্বর সিন্ডিকেটের সভায় আলোচনার জন্য এজেন্ডাভুক্ত ছিল। কিন্তু রেজিস্ট্রার বিষয়টি উত্থাপন না করে সিন্ডিকেট ‘অনুমোদন দেয়নি’ বলে রেজুলেশনে উল্লেখ করেন। তিনি হীন উদ্দেশ্যে এ কাজ করেছেন—অভিযোগ করে রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করেছে শিক্ষক সমিতি।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ আর এম মোস্তাফিজার রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই, বিশ্ববিদ্যালয় স্বচ্ছভাবে চলুক। এটা নিশ্চিত করা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’এ বিষয়ে বক্তব্য জানতে রেজিস্ট্রার গাজী আব্দুল্লা-হেল বাকীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দিতেই তিনি ‘মিটিংয়ে আছি’ বলে লাইন কেটে দেন। ফলে শিক্ষক সমিতির অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।