রেজিস্ট্রারের বিরুদ্ধে সমন জারি তথ্য কমিশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শিক্ষককে তথ্য না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে সমন জারি করেছে তথ্য কমিশন। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন গাজী সালেহ উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সমন জারি করল তথ্য কমিশন। চিঠিতে ৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে তথ্য কমিশনে হাজির হতে বলা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় এ-সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পৌঁছেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে ২০১৩ ও ২০১৪ সালে পরিবহনে আয়-ব্যয়ের হিসাব এবং সদ্য সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের আমলে বিজ্ঞাপিত পদের বাইরে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী পদে কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে, তা জানতে চেয়ে তৎকালীন রেজিস্ট্রারের কাছে প্রায় ছয় মাস আগে আবেদন করেন গাজী সালেহ উদ্দিন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য না পাওয়ায় তথ্য অধিকার আইন অনুসারে কমিশন বরাবর অভিযোগ করেন গাজী সালেহ উদ্দিন। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন এই সমন জারি করল।
বিশ্ববিদ্যালয়ের সদ্য নিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘তথ্য চাওয়ার বিষয়টি গত প্রশাসনের সময়ে ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন জবাবদিহি ও স্বচ্ছতায় বিশ্বাসী। আমরা তাই এ বিষয়ে যত দ্রুত সম্ভব তথ্য দেওয়ার কথা জানিয়ে গাজী সালেহ উদ্দিনকে চিঠি দিয়েছি। আশা করছি, বিষয়টি দ্রুত মীমাংসা হবে।’
গাজী সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘তথ্য চাওয়ার অধিকার আমার রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের গত প্রশাসন আমার সেই অধিকার খর্ব করেছে। তাই আমি তথ্য কমিশন বরাবর অভিযোগ করেছিলাম।’ তবে বর্তমান প্রশাসন তাঁর চাহিদামতো তথ্য দিলে তিনি তাঁর অভিযোগ তুলে নেবেন বলে জানান।
বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্ট্রার আলমগীর চৌধুরীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে তিনি বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় থেকে চলে এসেছি। বিষয়টি বর্তমান রেজিস্ট্রার দেখবেন।’ ওই সময় তথ্য দেওয়া হয়নি কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’