প্রাপকের কাছে ডাকযোগে রেজিস্ট্রি চিঠি পৌঁছার আগেই খাম খুলে চেক সরিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। প্রাপক চিঠি পাওয়ার এক দিন আগে ওই চেকের মাধ্যমে ব্যাংক থেকে এক লাখ ৩০ হাজার টাকা তুলে নেয় চক্রটি। সম্প্রতি কুমিল্লার বরুড়া উপজেলায় ওই ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ব্যাংকের ভিডিওচিত্র দেখে ডাক বিভাগের কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পোস্ট অফিস সূত্রের বিবরণ অনুযায়ী, বরুড়া উপজেলার বেলভুজ গ্রামের প্রয়াত নূরুল হকের ছেলে মো. বেলাল হোসেনকে তাঁর চাচাতো ভাই সৌদি আরবপ্রবাসী জহিরুল ইসলাম ডাকযোগে একটি রেজিস্ট্রি চিঠি পাঠান। ওই চিঠির ভেতরে ন্যাশনাল ব্যাংক বরুড়া শাখা বরাবর এক লাখ ৩০ হাজার টাকার একটি চেক (১৮১৯৯৫১ নম্বর) ছিল। বেলাল হোসেনকে ২৩ মে দুপুর সাড়ে ১২টায় বরুড়া পোস্ট অফিসের একজন পিয়ন ওই চিঠি দেন। বেলাল ওই পিয়নের সামনেই চিঠি খুলে দেখেন, খামের ভেতরে এক টুকরো সাদা কাগজ। ভেতরে চেক নেই। সঙ্গে সঙ্গে বেলাল তাঁর চাচাতো ভাইকে মুঠোফোনে বিষয়টি জানান। চাচাতো ভাই জহিরুল ইসলাম খামের ভেতরে চেক ছিল বলে নিশ্চিত করেন। এরপর বেলাল ন্যাশনাল ব্যাংক বরুড়া শাখায় যান। গিয়ে জানতে পারেন, ২২ মে বেলাল হোসেন নামে এক ব্যক্তি সই করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়েছেন। এরপর ব্যাংক কর্তৃপক্ষ ভিডিওচিত্র দেখে টাকা উত্তোলনকারীকে চিহ্নিত করে। বেলাল হোসেন ওই দিনই বরুড়া থানায় একটি জিডি করেন। ২৪ মে বেলাল হোসেন ডাক বিভাগ কুমিল্লার ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে লিখিতভাবে বিষয়টি জানান। ২৭ মে ডাক বিভাগের কর্মকর্তারা বিষয়টি তদন্ত করতে বরুড়ায় যান। বর্তমানে তদন্ত চলছে।জানতে চাইলে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কে এম আবুল কালাম আজাদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রেজিস্ট্রি চিঠির ক্ষেত্রে এমন হওয়ার কথা নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ ন্যাশনাল ব্যাংকের বরুড়া শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বলেন, ‘চেকটি হস্তান্তরযোগ্য এবং ওপেন চেক ছিল। যে কারণে টাকা উত্তোলনের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। তার পরও আমরা ভিডিওচিত্র দিয়েছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি চাইলে সেটা নিয়ে আইনি পদক্ষেপ নিতে পারেন। এ ক্ষেত্রে ব্যাংকের করার কিছু নেই।’ এ ব্যাপারে বেলাল হোসেন বলেন, ‘এর আগেও রেজিস্ট্রি চিঠিতে চেক পেয়েছি। এবারই ব্যতিক্রম হলো। ডাক বিভাগের অসাধু ব্যক্তিবর্গ ও প্রতারক চক্র মিলেই খাম থেকে চেক সরিয়ে টাকা উত্তোলন করছে বলে মনে হচ্ছে। বিষয়টি নিয়ে আইনি লড়াই চালাব।’