রেজোয়ান হারুনের নিখোঁজ হওয়া নিয়ে রহস্য

লন্ডন থেকে ঢাকায় ফেরার পরই নিখোঁজ হয়েছেন হারুন ইঞ্জিনিয়ারিংয়ের মালিক হারুন অর রশিদের ছেলে রেজোয়ান হারুন। তাঁর বিরুদ্ধে জামায়াতুল মুসলেমিন নামে একটি গোপন উগ্রপন্থী সংগঠনকে অর্থায়নের অভিযোগ আছে। তাঁর নিখোঁজ হওয়া নিয়ে রহস্য তৈরি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে তাঁর স্বজনেরা বলছেন, তাঁদের ধারণা, রেজোয়ানকে সরকারি কোনো সংস্থা নিয়ে গেছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় আসেন রেজোয়ান। বিমানবন্দর থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।
বনানী থানার ওসি বি এফ ফরমান আলী গতকাল বলেন, পরশু (শুক্রবার) রাতে রেজোয়ান হারুনের বাবা থানায় এসে বলেছেন, তাঁর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া না গেলে তাঁরা জিডি করবেন।
জানা গেছে, ধনাঢ্য ব্যবসায়ী হারুন অর রশিদের বাসা ঢাকা সেনানিবাসের ভেতর। তাঁর ছেলে রেজোয়ান হারুনও পারিবারিক ব্যবসায় জড়িত। তাঁর বিরুদ্ধে জামায়াতুল মুসলেমিনকে অর্থায়নের অভিযোগ আছে। তিনি ঢাকার ধানমন্ডিতে ইংরেজি মাধ্যম স্কুল লেক হেড গ্রামার স্কুলের সঙ্গেও যুক্ত ছিলেন।
এই স্কুলটির প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন হিযবুত তাহ্রীরের অন্যতম নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম মাওলার স্ত্রী জেনিফার আহমেদ। হিযবুত তাহ্রীরকে সরকার নিষিদ্ধ ঘোষণার পর ২০০৯ সালে অধ্যক্ষের পদ ও মালিকানা থেকে সরে দাঁড়ান জেনিফার। পরে স্কুলটির ব্যবস্থাপনার দায়িত্ব নেন রেজোয়ান হারুন।
রেজোয়ান হারুনের ব্যাপারে জানতে চাইলে কাউন্টার টেররিজম ইউনিটের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল প্রথম আলোকে বলেন, রেজোয়ান হারুন তাঁদের কোনো তালিকাভুক্ত জঙ্গি বা মামলার আসামি নন। জঙ্গিবাদের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।