রেজ্জাকুল চতুর্থ দফায় ছয় দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীকে চতুর্থ দফায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গনি তাঁর রিমান্ড মঞ্জুর করেন।সিআইডির সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরী ৪ মার্চ রেজ্জাকুলকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করেন। এর আগে গত বছর দুই দফায় নয় দিন এবং গত মাসে পাঁচ দিন রিমান্ডে নিয়ে রেজ্জাকুলকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। গত বছরের ১৫ মে ঢাকার বাসা থেকে সিআইডি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।সিআইডি সূত্র জানায়, বিশাল চালানের অস্ত্র আটকের আগে ও পরে রেজ্জাকুল হায়দার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ওই সময় এ দুটি গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার বৈঠক হয় বলে এর আগে প্রধান আসামি হাফিজ জবানবন্দি দেন।২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়। উভয় মামলায় তাঁকে আসামি করা হয়।