রেজ্জাকুলকে ফের রিমান্ডে নেওয়ার শুনানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে দশ ট্রাক অস্ত্র আটক মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীর রিমান্ড শুনানি কাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম আজিজুল হক কাল রিমান্ড শুনানির দিন ধার্য করেন। সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, সাবেক গোয়েন্দা কর্মকর্তা রেজ্জাকুলকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। তদন্ত কর্মকর্তা গত বৃহস্পতিবার আদালতে আবেদন জমা দেন। মহানগর হাকিম গতকাল শুনানির দিন ধার্য করেছিলেন।গত বছরের ১৫ মে ঢাকার বাসা থেকে সিআইডি পুলিশ রেজ্জাকুল হায়দারকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে গত বছর দুই দফায় নয় দিন এবং গত মাসে এক দফায় পাঁচ দিন রিমান্ডে নেয় সিআইডি। গত ১১ ফেব্রুয়ারি সর্বশেষ রিমান্ডে তাঁকে ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।সিআইডি সূত্র জানায়, দশ ট্রাক অস্ত্র আটকের আগে ও পরে রেজ্জাকুল হায়দার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ওই সময় এ দুটি গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার বৈঠক হয় বলে ইতিপূর্বে প্রধান আসামি হাফিজ জবানবন্দি দেন। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাটে দশ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়। উভয় মামলায় তাঁকে আসামি করা হয়েছে।