
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। কাল বুধবার সকাল ১০টা পর্যন্ত যুক্তিতর্ক শুনানি মুলতবি রাখার আদেশ দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন।
আজ মঙ্গলবার আদালত-সংশ্লিষ্ট সূত্র বলছে, রেজ্জাকুলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আর দুজন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন বাকি থাকবে। তাঁরা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু। আদালত যুক্তিতর্ক শুনানি করার জন্য আসামি বাবর ও পিন্টুর আইনজীবীদের প্রস্তুত থাকতে বলেছেন।
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরোনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এই মামলার বিচারকাজ চলছে। রেজ্জাকুল হায়দার চৌধুরীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনকালে তাঁর আইনজীবী মোহাম্মাদ আহসান বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে সত্য। তবে রাষ্ট্রপক্ষ নিরপেক্ষ সাক্ষী দিয়ে তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারেনি। রেজ্জাকুলের বিরুদ্ধে সরাসরি কোনো সাক্ষ্যও নেই।’ আইনজীবী আহসান আদালতে দাবি করেন, ‘রেজ্জাকুল পেশাদারি নিয়ে কাজ করেছেন। ৩০ বছরের কর্মজীবনে তাঁর দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হননি। নিজের কর্মদক্ষতা দিয়ে পদোন্নতি পেয়েছেন। কোনো অন্যায় করেননি তিনি।’
আইনজীবী মোহাম্মাদ আহসান আদালতে আরও বলেন, ‘মুফতি হান্নানের প্রশ্নবিদ্ধ জবানবন্দিতে হাওয়া ভবনে বৈঠক করার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। হাওয়া ভবনে উপস্থিত থাকার কোনো যুক্তিযুক্ত কারণ থাকতে পারে না।’ তিনি বলেন, ‘রেজ্জাকুলের বিরুদ্ধে ডিজিএফআইয়ের তৎকালীন মহাপরিচালক সাদিক হাসান রুমী যেসব বক্তব্য দিয়েছেন, তা সত্য নয়। প্রশাসনিক সহায়তা দেওয়ার অভিযোগ পুরোপুরি মিথ্যা।’
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান বলেন, ‘আসামিপক্ষ বারবার একই বিষয় শুনানিতে এনে বিচার বিলম্বিত করার চেষ্টা করছে।’
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নেতা-কর্মী নিহত হন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আহত হন কয়েক শ নেতা-কর্মী।