রেজ্জাকুলের রিমান্ড বাড়িয়ে ৫ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউ-এফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীর রিমান্ডের মেয়াদ তিন দিন থেকে বাড়িয়ে পাঁচ দিন করা হয়েছে। তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম মো. আজিজুল হক গতকাল বৃহস্পতিবার বিকেলে রিমান্ডের মেয়াদ বাড়ানোর আদেশ দেন।সিআইডি সূত্র জানায়, গত সোমবার রেজ্জাকুল হায়দারকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছিলেন আদালত। তিন দিনের মধ্যে ঢাকায় যাতায়াতে দুই দিন লাগবে। বাকি এক দিনে রেজ্জাকুলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করা কঠিন হবে। এ কারণে রিমান্ডের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়।সূত্র জানায়, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয়েছিল বলে এর আগে প্রধান আসামি হাফিজুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিশাল চালানের এ অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে রেজ্জাকুল কীভাবে সম্পৃক্ত হন, বা কী ভূমিকা পালন করেন, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।গত বছরের ১৫ মে ঢাকার বাসা থেকে সিআইডি পুলিশ রেজ্জাকুলকে গ্রেপ্তার করে। গত বছর দুই দফায় তাঁকে নয় দিন রিমান্ডে নেয়, কিন্তু গুরুত্বপূর্ণ কোনো তথ্য পায়নি সিআইডি।আসামির কৌঁসুলি তারিক আহমদ রিমান্ডের মেয়াদ বাড়ানোর আদেশকে ‘হাকিমের ভুল’ দাবি করে প্রথম আলোকে বলেন, ‘মহানগর হাকিম আজিজুল হক এর আগে রেজ্জাকুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই আদেশ অনুযায়ী আসামিকে এখনো জেরা করা শুরু হয়নি। এ অবস্থায় একবার রিমান্ডের আদেশ হয়ে গেলে তা পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা হাকিমের নেই।’