পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছানাউল্লাহ পাটোয়ারীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে গতকাল মঙ্গলবার খাগড়াছড়ির দীঘিনালায় রেঞ্জ কার্যালয়ের দুটি কক্ষে তালা ঝুলিয়ে দেন জোত পারমিট ব্যবসায়ীরা। পরে পুলিশ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে তালা খুলে দেয়।সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে জোত পারমিট ব্যবসায়ীরা জামতলীতে নাড়াইছড়ি রেঞ্জ কার্যালয়ের দুটি কক্ষে তালা ঝুলিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাঁরা ডিএফওর বিরুদ্ধে বিক্ষোভ দেখান। পরে পুলিশ এসে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কর্মকর্তা-কর্মচারীদের মুক্ত করে।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কর্মকর্তা-কর্মচারীদের মুক্ত করা হয়।জোত পারমিট ব্যবসায়ীদের অভিযোগ, রাঙামাটি বন বিভাগের কার্যালয়ে গিয়ে তাঁদের নানা হয়রানির শিকার হতে হয়। জোত পারমিট ব্যবসায়ী সুনীল ত্রিপুরা, নেজাম উদ্দিন, প্রিয় কুমার চাকমা, কৃপাময় চাকমা, আশীষ বরণ বড়ুয়া ও মেরিন চাকমার অভিযোগ, নিজের বাগানের গাছ কাটার জন্য মাসের পর মাস বন বিভাগে ধরনা দিয়ে জোত পারমিট (বাগানের গাছ কেটে পরিবহনের অনুমতি) পাওয়া যায় না। গত পাঁচ মাস বিভাগীয় বন কর্মকর্তা দীঘিনালায় জোত ভূমি পরিদর্শনে আসেননি। সোমবার ডিএফও এলে তাঁরা দেখা করে তাঁকে জোত ভূমি পরিদর্শনের আবেদন জানান। কিন্তু তিনি তাঁদের আবেদন অগ্রাহ্য করে তাঁর নিজের একটি বাগানসহ দুটি বাগান পরিদর্শন করে চলে যান।খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সদস্য মিলন ফরাজী বলেন, ‘ডিএফও নিজে গোপনে এখানে জোত পারমিট ব্যবসা করছেন। সোমবার তিনি মূলত তাঁর নিজের জোত পরিদর্শনের জন্য এসেছিলেন এবং নিজের বাগান পরিদর্শন করে চলে গেছেন। তাই আমরা ক্ষুব্ধ হয়ে রেঞ্জ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছি।’ নাড়াইছড়ি রেঞ্জ কার্যালয় সূত্র জানায়, ডিএফও পাঁচ মাস জোত ভূমি পরিদর্শনে না আসায় ৪৫টি জোত পারমিটের আবেদন ফাইলবদ্ধ হয়ে রয়েছে।নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মাসুদ সরদার বলেন, ‘মঙ্গলবার ডিএফও স্যার জোত ভূমি পরিদর্শন করবেন বলে জানালে আমি সব আবেদনের ফাইল নিয়ে যাই। কিন্তু তিনি সমস্যার কারণে মাত্র দুটি জোত ভূমি পরিদর্শন করে রাঙামাটি চলে যান। পরে জোত পারমিট ব্যবসায়ীরা কক্ষে তালা ঝুলিয়ে আমাকেসহ কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন।’অভিযোগ প্রসঙ্গে ডিএফও ছানাউল্লাহ পাটোয়ারী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জোত পারমিট ব্যবসায়ীদের নানা অজুহাতের কারণে জোত ভূমি পরিদর্শন হয় না। আমি মঙ্গলবার জোত পরিদর্শনের চেষ্টা করেছি, কিন্তু ব্যবসায়ীরা সহযোগিতা করেননি।’ তিনি বলেন, ‘আমি যদি জোতের ব্যবসা করতাম তাহলে পাঁচ মাস পর কেন, আমি সেখানে নিয়মিত যেতাম। স্বার্থে আঘাত এলে ব্যবসায়ীরা এ ধরনের অনেক অভিযোগই করেন।’