জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, বিভিন্ন দেশ বাংলাদেশে তাদের নাগরিকদের চলাচলের ওপর রেড অ্যালার্ট জারি করে সাধারণের মাঝে ভীতি সৃষ্টি করছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভীতি সঞ্চার করতে চাইছে এবং যেসব রাষ্ট্র সেটিকে ‘অবলম্বন করে’ বাড়তি কিছু সতর্কতা জারি করার চেষ্টা করছে, তাদের মধ্যে কোনো ধরনের ‘সমন্বয়’ থাকতে পারে কি না, তা ভেবে দেখা দরকার।
ঢাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লার পরিবারকে সান্ত্বনা দিতে গতকাল সোমবার বাগেরহাটের কচুয়া উপজেলার পালপাড়ায় তাঁদের বাড়িতে যান মিজানুর রহমান। সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, ‘বিভিন্ন রাষ্ট্রে বিদেশি হত্যার ঘটনা ঘটলেও সেখানে বিদেশি নাগরিকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। কিন্তু বিচ্ছিন্ন ঘটনায় আমাদের দেশে বিদেশি নাগরিক হত্যার পর বিভিন্ন রাষ্ট্র তাদের নাগরিকদের বাংলাদেশে চলাচলের ওপর রেড অ্যালার্ট জারি করছে। এর মধ্য দিয়ে তারা সাধারণের মাঝে ভীতি সৃষ্টি করছে।’
মিজানুর রহমান বলেন, ‘কোনো না কোনো মহল থেকে আমাদের দেশে বর্তমানে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ মানুষের মাঝে ভীতি সৃষ্টির জন্য এমন একটি সময়কে বেছে নেওয়া হয়েছে, যখন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকর হওয়ার সময় আসন্ন।’ নিহত এএসআই ইব্রাহিম মোল্লার আত্মত্যাগের কথা স্মরণ করে মিজানুর রহমান বলেন, ‘ইব্রাহিম নিজের প্রাণ দিয়ে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করে আমাদের সাবধান করে জাতিকে ঋণী করে গেছেন।’
দুপুরে পৌঁছে মিজানুর রহমান প্রথমেই বাড়ির উঠানে ইব্রাহিমের কবর জিয়ারত করেন। পরে তিনি ইব্রাহিমের স্ত্রী, মা ও বাবার সঙ্গে কথা বলেন।