রেড ক্রিসেন্ট হাসপাতাল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের আমানতগঞ্জে বন্ধ পড়ে আছে রেড ক্রিসেন্ট হাসপাতাল। গতকাল  তোলা ছবি l প্রথম আলো
বরিশাল নগরের আমানতগঞ্জে বন্ধ পড়ে আছে রেড ক্রিসেন্ট হাসপাতাল। গতকাল তোলা ছবি l প্রথম আলো

সব ধরনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও বরিশালের ৭৬ বছরের পুরোনো রেড ক্রিসেন্ট হাসপাতালের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে দরিদ্র রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। অনেক রোগী হাসপাতালে এসে ফিরে যাচ্ছে।
হাসপাতালের উন্নয়নের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটি মো. মুয়াজ্জেম হুসাইন নামের এক ব্যবসায়ীর সঙ্গে আট বছরের জন্য চুক্তি করার পর থেকে হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মুয়াজ্জেম হুসাইন হাসপাতালটিকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেন। এতে বাধা দেওয়ায় তিনি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেন।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের নতুন চারতলা ভবনের নিচে রোগী বহন করা ট্রলিতে বসে কাগজের প্যাকেট তৈরি করছেন মো. রুবেল নামের এক তরুণ। রুবেল বলেন, তিনি হাসপাতালের নিরাপত্তারক্ষীর কাজ করেন। বর্তমানে হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় বিকল্প কাজ করছেন।
একটু পরে সেখানে শিশুসন্তান নিয়ে চিকিৎসা নিতে আসেন সুমা আক্তার নামের এক নারী। তিনি বলেন, হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি সব সময় এই হাসপাতালেই চিকিৎসাসেবা নিতেন।
হাসপাতাল থেকে জানা গেছে, ১৯৩৭ সালে মা ও শিশু স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য নগরের আমানতগঞ্জ এলাকায় হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। ব্রিটিশ নাগরিক হালিং বেরি এক একর জমির ওপর হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। শুরু থেকেই ১০ শয্যার হাসপাতালটি মা ও শিশু স্বাস্থ্যসেবা দিয়ে সুনাম অর্জন করে। ১৯৪৭ সালে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার জন্য হাসপাতালের দায়িত্ব নেয় তৎকালীন রেডক্রস এবং বর্তমানে রেড ক্রিসেন্ট সোসাইটি। বর্তমানে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। কিন্তু ছয় মাস আগে হাসপাতালের উন্নয়নের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটি ব্যবসায়ী মুয়াজ্জেম হুসাইনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। এরপর হাসপাতালের অন্তর্বিভাগের কার্যক্রম বন্ধ হয়ে যায়। গত জুনে বহির্বিভাগও বন্ধ হয়ে যায়।
জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন বলেন, চুক্তিবদ্ধ হওয়ার পর হাসপাতালটিকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেন মুয়াজ্জেম হুসাইন। তাতে বাধা দেওয়ায় তিনি কার্যক্রম বন্ধ করে দেন। আওয়ামী লীগের স্থানীয় নেতা সৈয়দ আনিচও একই কথা বলেন।
বরিশাল রেড ক্রিসেন্ট হাসপাতালের সাবেক পরিচালক এবং কেন্দ্রীয় রেড ক্রিসেন্টের বর্তমান পরিচালক আবদুর রব হাওলাদার বলেন, ‘হাসপাতালটি পরিচালনার জন্য আট বছরের জন্য মোয়াজ্জেম হোসেনের সঙ্গে চুক্তি হয়েছে। এর আগে ২০ বছর আমি পরিচালক হিসেবে চালিয়ে রেখেছি। তিনি আসার পর বন্ধ হয়ে আছে।’
মো. মুয়াজ্জেম হুসাইন বলেন, ‘আমি আট কোটি টাকা রেড ক্রিসেন্টে অনুদান দিয়েছি। তারপর হাসপাতালের উন্নয়নের কাজ শুরু করি।’ তিনি অভিযোগ করেন, স্থানীয় বাসিন্দারা তাঁর কাছ থেকে আর্থিক সুবিধা চান। সেই সুবিধা না দেওয়ায় তাঁরা আন্দোলন শুরু করেন। তাই হাসপাতালের কার্যক্রম বন্ধ রয়েছে।