রেড ক্রিসেন্টের সভায় সংঘর্ষ, তিন চিকিৎসক আহত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিটের বার্ষিক সাধারণ সভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে সভাস্থল কিং অব চিটাগংয়ে এ ঘটনা ঘটে। এ সময় সভার মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন—রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা মিনহাজুর রহমান, সাধারণ সদস্য নরেন ও সাধারণ সদস্য পারিজাত। তাঁরা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, পূর্বনির্ধারিত সময় সকাল ১০টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও তা আধা ঘণ্টা আগেই শুরু হয়ে যায়। সোসাইটির সহসভাপতি শেখ শফিউল আজমের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় বোর্ড সদস্য নুরুন্নবী চৌধুরী প্রধান অতিথি ছিলেন। সভা চলাকালে সকাল সোয়া ১০টার দিকে আজীবন সদস্য মিনহাজুর রহমান উঠে রেড ক্রিসেন্টের বর্তমান কমিটির দুর্নীতি নিয়ে বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি বক্তৃতা দেওয়ার একপর্যায়ে সহসভাপতি শেখ শফিউল আজমের পক্ষের লোকজন মিনহাজুর রহমানের হাত থেকে মাইক কেড়ে নিয়ে তাঁর ওপর চড়াও হন। মিনহাজুরকে রক্ষা করার জন্য অন্য সদস্যরা এগিয়ে এলে তাঁদের ওপরও তাঁরা চড়াও হন। এতে সংঘর্ষ বাধে। পরে দুই পক্ষের লোকজন সেখানে মঞ্চ ও চেয়ার ভাঙচুর করেন। শেখ শফিউল আজম বলেন, ‘সভা চলাকালে মিনহাজ দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে আমার সম্পর্কে কটূক্তি করেছেন। এ সময় একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।’ মিনহাজুর রহমান বলেন, ‘কাউকে কোনো কথা বলতে না দিয়ে সভাটি দ্রুত শেষ করে দিচ্ছিল। আমি মাইক নিয়ে দুর্নীতির কথা বললে তারা খেপে গিয়ে আমাদের ওপর হামলা চালায়।’