রেড ক্রিসেন্টের ‘ব্লাড সেন্টারে’ দোকান-বাণিজ্যের আয়োজন
নবনির্মিত ভবনের দোতলাজুড়ে ‘ব্লাড সেন্টার’। নিচতলার একাংশ সড়কমুখী করে তৈরি করা হয়েছে চারটি দোকানঘর। নিজস্ব অর্থায়নে নির্মিত ‘ব্লাড সেন্টার’ ভবনে এভাবে দোকানঘর নির্মাণ করে ভাড়া দেওয়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিট।ভবনের একাংশ এভাবে বাণিজ্যিকীকরণ হলে রক্ত পরিসঞ্চালন সেবার পরিবেশ বিনষ্ট হতে পারে—এ আশঙ্কায় দোকানঘর নির্মাণের শুরুতে ইউনিট থেকেই আপত্তি তোলা হয়েছিল। কিন্তু নেতৃত্বে থাকা আওয়ামী লীগের দুই নেতা নির্মাণব্যয় মেটানোর কথা বলে দোকানঘর নির্মাণ সম্পন্ন করেন।সিলেট নগরের কেন্দ্রস্থল জিন্দাবাজার-চৌহাট্টা সড়কের এক পাশে বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট পরিচালিত মাতৃমঙ্গল হাসপাতাল, অন্য পাশে ইউনিট কার্যালয়। নগরের কেন্দ্রস্থল হওয়ায় বিগত চারদলীয় জোট সরকার আমলে মাতৃমঙ্গলের একাংশে এক মন্ত্রীর স্ত্রীর নামে বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। রাতারাতি প্রতিষ্ঠা করা ওই কলেজের অনুমোদন না থাকায় তত্ত্বাবধায়ক সরকার আমলে সেই কলেজ গুটানো হয়।মহাজোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর রেড ক্রিসেন্টের সিলেট ইউনিটের নেতৃত্বে পরিবর্তন আসে। নগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মনসুরুজ্জামান চৌধুরী ভাইস চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুর রহমান (জামিল) সাধারণ সম্পাদক হন। অভিযোগ রয়েছে, বাণিজ্যিক কারণে দোকানঘর ভাড়া লাভজনক হবে ভেবে তাঁরা নিজেদের লোকের কাছে ভাড়া দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে দোকানঘর নির্মাণ করেন।রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট সূত্র জানায়, মাতৃমঙ্গলের একাংশে ‘ব্লাড ব্যাংকের’ পরিসর বাড়াতে দোতলা ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় দপ্তরকে অবহিত করে দরপত্রের মাধ্যমে এ বছরের শুরুতে দোতলা ভবনের কাজ শুরু হয়। এতে ব্যয় হয় প্রায় ৭০ লাখ টাকা। ব্যয়ের বড় অংশ সোসাইটির সিলেট ইউনিট বহন করে। ব্যয়ের ঘাটতি পূরণ করতে সম্মুখের সীমানাপ্রাচীর ভেঙে একটি অংশ বেসরকারি ব্যাংকের বুথ স্থাপনের পর ভবনের নিচতলার পুরোটা সড়কমুখী অংশে চারটি দোকানকোঠা নির্মাণ করা হয়।মনসুরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে দাবি করেন, দোকানঘর সিলেট ইউনিটের সর্বসম্মত সিদ্ধান্তে হয়েছে। ব্লাড সেন্টার চালুর পর কেন্দ্রকে অবহিত করে যথারীতি দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে দোকানঘর ভাড়া দেওয়া হবে। তবে সোসাইটির একটি সূত্র জানায়, সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক একক সিদ্ধান্তে দোকানঘর নির্মাণ শুরু করলে ইউনিটের সদস্য পর্যায় থেকে আপত্তি ওঠে। রক্ত পরিসঞ্চালন স্পর্শকাতর হওয়ায় ওই স্থানে বাণিজ্যিক তৎপরতাকে নেতিবাচক বিবেচনা সার্বিক বিষয়ে অবহিত হয় রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় দপ্তর। এ মাসের (নভেম্বর) শুরুতে ভবন নির্মাণ শেষের সঙ্গে সঙ্গে দোকানঘরও ভাড়া দেওয়ার প্রস্তুতি নেওয়ায় কেন্দ্রীয় দপ্তর অসন্তোষ প্রকাশ করে আপত্তির কথা সিলেট ইউনিটকে জানায়।যোগাযোগ করলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাংসদ হাফিজ আহমদ মজুমদার প্রথম আলোকে বলেন, ‘ব্লাড সেন্টারের মতো একটি স্পর্শকতার জায়গায় বাণিজ্যিক স্থাপনা থাকা উচিত নয়। কারণ জানতে চাইলে তাঁরা আমাকে ভবন নির্মাণে ঋণগ্রস্ত হওয়ার কথা জানায়। আমি বলেছি, ওই সব দোকানঘর ভাড়া দিয়ে ভবন নির্মাণের অবশিষ্ট ব্যয় মেটানো কেন্দ্রীয়ভাবে না পারি, আমি ব্যক্তিগতভাবে সংগ্রহ করে হলেও দেব—তাঁদের দোকানঘর গুটানোর কথা বলেছি।’এ বিষয়ে আবদুর রহমান বলেন, অর্থের জোগান পেলে দোকানঘর গুটাতে আপত্তি নেই। দোকানঘর নিয়ে অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘এসব অপপ্রচার। বিগত সরকারের আমলে এখানে কত কিছুই না হয়েছে। আমরা অনেক কষ্ট করে নিয়মশৃঙ্খলার মধ্যে আনতে সক্ষম হয়েছি বলে একটি কুচক্রী মহল দোকানঘর দেখিয়ে সবাইকে ভুল বোঝাচ্ছে।’