রেডক্রসের ত্রাণ পেল ৪০৭ রোহিঙ্গা পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্বরতার শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফে আশ্রয় নেওয়া ৪০৭টি রোহিঙ্গা পরিবারকে ত্রাণসামগ্রী দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক রেডক্রস কমিটি। গতকাল সোমবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে আসা আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কর্মকর্তা (প্রতিনিধিদলের উপপ্রধান) বরিস কেলেচেভিক।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি তুষার আহমদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজারের সমন্বয়কারী সেলিম আহমেদ, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির ফিল্ড কর্মকর্তা আবদুস সালোহ রাসুলোভ প্রমুখ।
বরিস কেলেচেভিক সাংবাদিকদের বলেন, মিয়ানমার সেনাবাহিনীর হাতে ববর্রতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রতি তিনি কৃতজ্ঞ। প্রাথমিকভাবে ৪০৭টি রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে ৫০ কেজি চাল, ৪ কেজি ডাল, ৪ লিটার তেল, ৪ কেজি চিনি, ২ কেজি লবণ ও ২ কেজি সুজি রয়েছে। এসব ত্রাণ নিয়ে একটি পরিবার এক মাস চলতে পারবে। তিনি বলেন, পর্যায়ক্রমে আরও ৩ হাজার ২০০ পরিবারকে ত্রাণ দেওয়া হবে। সম্প্রতি পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গা পরিবারগুলো এই ত্রাণ পাবে।
বরিস কেলেচেভিক বলেন, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা দিতে তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন।
ত্রাণ পাওয়া লেদা অনিবন্ধিত শিবিরের ফাতেমা বেগম বলেন, ‘আমরা নিজ দেশে ফিরে যেতে চাই।’ তিনি বলেন, ত্রাণসামগ্রী দেওয়ার পাশাপাশি মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগ করা হোক; যাতে তাঁরা নিজ দেশে ফিরে যেতে পারেন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের গজরবিল এলাকায় ফাতেমা বেগমের বাড়িতে সেনাবাহিনী হামলা করে। প্রাণ বাঁচাতে নাফ নদী পার হয়ে রাতের আঁধারে পালিয়ে তিনি টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেন বলে জানান।
টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি দুদু মিয়া বলেন, ত্রাণ পেয়ে তারা কিছুটা হলেও আনন্দিত। তাদের একমাত্র দাবি মিয়ানমারের নাগরিকত্ব। তাহলে বাংলাদেশে অবস্থান করা সব রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যাবে।